মুসলমান-খ্রিস্টানদের আপত্তি সত্ত্বেও নারীর অধিকার রক্ষায় মতৈক্য
নারীর যৌন ও জন্মনিয়ন্ত্রণ অধিকার নিয়ে ভ্যাটিকান ও মুসলিম দেশগুলোর আপত্তি সত্ত্বেও নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের এ সংক্রান্ত নীতি নির্ধারণী পর্ষদ।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শুক্রবার সংস্থাটির নারীর মর্যাদা বিষয়ক কমিশনের ৫৭ তম অধিবেশনের সমাপনী দিনে এ প্রস্তাব পাস হয়।
নারীর অগ্রগতির জন্য ১৯৪৬ সালে এই প্রস্তাবের খসড়া তৈরি হলেও কূটনীতিক ও মানবাধিকার কর্মীরা বলছেন, নারীর জীবনমানের উন্নয়নে পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকারকে চাপে ফেলবে এটা।
ইরান, মিশর, সৌদি আরব, কাতার, লিবিয়া, নাইজেরিয়া ও সুদানের পাশাপাশি হন্ডুরাস ও ভ্যাটিকান এ প্রস্তাবে আপত্তি তোলে। তবে তারা ১৮ পৃষ্ঠার ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি।
মিশরের পক্ষ থেকে এতে একটি সংশোধনী আনার প্রস্তাব আসলেও তা নাকচ হয়ে যায়। কোনো দেশের আইন, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হলে তারা এ ঘোষণা বাস্তবায়ন থেকে বিরত থাকতে পারবে মর্মে ছাড় দেয়ার প্রস্তাব করেছিল এ মুসলিম দেশটি।
প্রস্তাব পাসের পর চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের নারী বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট বলেন, “সারা বিশ্বের মানুষ আমাদের পদক্ষেপ চেয়েছিল এবং আমরা তাদের নিরাশ করিনি। হ্যা আমরা এটা করতে পেরেছি।”
সদস্য দেশগুলোর এখন ২০১৩ ঘোষণা বাস্তবায়নের দায় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
এক বিবৃতিতে তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা একটি ঘৃণ্য মানবাধিকার লংঘন, বিশ্বের জন্য হুমকি ও নৈতিক স্খলন।
“তিনি কোথায় থাকেন, তার সংস্কৃতি কী, তার সমাজ কেমন- এগুলো কোনো বিষয় নয়, প্রত্যেক নারী ও শিশুর স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।”
ইন্টারন্যাশনাল উইমেনস হেলথ কোয়ালিশনের কর্মকর্তা শ্যানন কোয়ালস্কি বলেন, এই ঘোষণা নারী ও মেয়ে শিশুদের জন্য একটি বিজয়।
“নারীর প্রতি সহিংসতা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে দেশগুলো। এবারই প্রথমবারের মতো তারা ধর্ষিতার জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মত হয়েছেন।
