ইতালির রাষ্ট্রদূতকে ভারত না ছাড়ার নির্দেশ
অনুমতি ছাড়া ভারত ত্যাগ না করার জন্য ইতালির রাষ্ট্রদূত ডেনিয়েল মানচিনিকে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি আলতামাস কবিরের নেতৃত্বে আদালত মানচিনিকে অনুমতি ছাড়া ভারত ত্যাগ না করার নোটিশ জারি করে।১৮ মার্চের মধ্যে এ নোটিসের জবাব দিতে বলা হয়েছে মানচিনিকে।
গত বছর কেরালায় ভারতীয় দুই জেলেকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ইতালীয় নৌ সেনাকে ফেরত পাঠাতে রোম অস্বীকৃতি জানানোয় এ পদক্ষেপ নিল ভারত।
জেলে হত্যা মামলায় ভারতে ওই দুই সেনার বিচার চলছিল। গত মাসে ইতালিতে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে তাদেরকে ভোট দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সেসময় ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ব্যাক্তিগত ভাবে জানিয়েছিলেন ২২ মার্চের মধ্যে দুই মেরিন সেনাকে ফেরত পাঠানো হবে।
কিন্তু এখন ওই সেনারা আর ভারতে ফেরত যাচ্ছেন না। উপরন্তু তাঁদের ফেরত পাঠাতে অস্বীকৃতিও জানিয়েছে রোম।
ওদিকে, ইতালি সম্প্রীতি বজায় রেখে বিষয়টির একটি সমাধান খুঁজতে ভারতকে কূটনীতিকদের একটি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে।
দুই ইতালীয় নৌ সেনার বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১২ সালের ফেব্রুয়ারিতে দু’জন ভারতীয় জেলেকে হত্যা করেছে। তবে অভিযুক্তদের দাবি, তারা জলদস্যু ভেবেই জেলেদের হত্যা করেছে।
