ভারতশাসিত কাশ্মিরে কারফিউ
বুধবার সান্ধ্য আইন জারি করা হলেও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। তবে ঠিক কবে এই আইন তুলে নেয়া হবে তা জানানো হয়নি।
ভারতশাসিত কাশ্মিরে সান্ধ্যআইন জারি করা হয়েছে। বুধবার ওই অঞ্চলটিতে সহিংসতায় আটজনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার এই আইন জারি করা হয় বলে জানা গেছে।
বুধবার দিনের প্রথমভাগে কাশ্মিরে জঙ্গিদের বন্দুক ও গ্রেনেড হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়। পাল্টা হামলায় দুই হামলাকারীও নিহত হয়।
পরবর্তী সময়ে কাশ্মিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একব্যক্তি নিহত হলে জরুরি অবস্থা জারি করা হয়।
ভারতের স্বরাষ্ট্র সচিব আরকে সিং বলেছেন, ‘হামলাকারী দুই বন্দুকধারী নিহত হয়েছে। তারা কেউই স্থানীয় নয়। সীমান্ত অতিক্রম করে তারা ভারতে প্রবেশ করেছে।’
তিনি হামলাকারীদের পাকিস্তানি বলে অভিযোগ করেন।
কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দিনের শেষভাগে এক বিবৃতিতে ভারতীয় স্বরাষ্ট্র সচিবের অভিযোগ প্রত্যাখ্যান করে।
চলতি বছরের ৮ জানুয়ারি পাকিস্তানি সেনারা ভারতীয় দুই সেনার শিরশ্ছেদ করে বলে যে অভিযোগ তাও বিবৃতিতে প্রত্যাখ্যান করা হয়।
বুধবার সান্ধ্য আইন জারি করা হলেও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। তবে ঠিক কবে এই আইন তুলে নেয়া হবে তা জানানো হয়নি।
শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ ও সেনা সদস্যদের নামানো হয়েছে।
দুই বন্দুকধারী শ্রীনগরের বেমিনা জেলায় এক নিরাপত্তা শিবিরে হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে, শ্রীনগরের জুনিমার এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি থেকে একদল বিক্ষোভকারীর ওপর গুলি চালালে মোহাম্মাদ আলতাফ ওয়ানি নামে এক ব্যক্তি নিহত হন।
