ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হচ্ছেন ক্যাপ্রিলেস
শেষ প্রেসিডেন্ট নির্বাচনে হুগো শ্যাভেজের কাছে পরাজিত ভেনেজুয়েলার পশ্চিমাপন্থী প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
শ্যাভেজের উত্তরসূরী অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দেবেন না বলে চ্যালেঞ্জ জানিয়েছেন ৪০ বছর বয়সী এ রাজনীতিক।
আগামী ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জনসমর্থন মাদুরোর দিকে হেলে আছে, জরিপে এমন আভাস পাওয়া গেছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উভয় প্রার্থীকে সোমবারের মধ্যে অবশ্যই প্রার্থী হিসেবে নাম তালিকাভুক্ত করতে হবে।
শ্যাভেজের নিজস্ব ধরনের সমাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী বিপ্লব বিশ্বের বৃহত্তম খনিজ তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় টিকে থাকবে কিনা তা এ নির্বাচনেই স্থির হবে। দীর্ঘ দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ৫ মার্চ জনপ্রিয় প্রেসিডেন্ট শ্যাভেজ মৃত্যুবরণ করেন।
গত অক্টোবরে চতুর্থবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট শ্যাভেজ অসুস্থতার কারণে শপথও গ্রহণ করতে পারেননি। তার আগেই ক্যান্সারে তিনি মারা যান।
সংবাদ সম্মেলনে ক্যাপ্রিলেস বলেন, “আমি লড়াই করবো। নিকোলাস, আমি তোমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দিচ্ছি না, ভোটে আমাকে হারাতে হবে।”
এক সময়ের বাস চালক ও পরবর্তীতে শ্রমিক নেতা ৫০ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট মাদুরো প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পাবেন বলে সাম্প্রতিক দুটি জরিপে আভাস পাওয়া গেছে।
শনিবার তাকে আক্রমণ করে ক্যাপ্রিলেস বলেন, “রাজনৈতিক প্রচারণায় আপনি প্রেসিডেন্টের দেহ ব্যবহার করছেন।”
ভেনেজুয়েলার সমৃদ্ধিতে শ্যাভেজের অবদান স্মরণ করে তার দেহ মমি করে সংরক্ষণ করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। সেদিকে ইঙ্গিত করেই ক্যাপ্রিলেস একথা বলেছেন।
এর জবাবে মাদুরো অভিযোগ করে বলেছেন, ক্যাপ্রিলেসের কথায় ঘৃণা প্রকাশ পাচ্ছে।
ভেনেজুয়েলার মিরান্দা রাজ্যের গভর্নর ক্যাপ্রিলেসকে “ফ্যাসিস্ট” বলেও অবিহিত করেন মাদুরো।
