২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান থেকে আফগানিস্তানে রসদ সরবরাহ পথ ফের চালু

আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের সেনাদের রসদ সরবরাহের সবচেয়ে কম খরচের পথ হিসেবে সুপরিচিত পাকিস্তানের পথটি ফের চালু করা হয়েছে। আট মাস পর পাকিস্তানি কর্তৃপক্ষ পথটি চালু করলেও এখনও সরবরাহের গতি স্বাভাবিক হয়নি।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 09 Mar 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

চারদিকে স্থল পরিবেষ্টিত আফগানিস্তানের নিজস্ব কোনো জলপথ নেই। ফলে দেশটির পণ্য সরবরাহের জন্য প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভর করতে হয়, আর এক্ষেত্রে পাকিস্তানই সবচেয়ে উত্তম বিকল্প।

২০১১’র নভেম্বরে পাকিস্তান-আফগান সীমান্তে ন্যাটো সেনাদের বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ন্যাটোর এই প্রধান রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান সরকার।

এতে ন্যাটো সেনাদের রসদ সরবরাহে ব্যয়বহুল অন্য বিকল্প পথগুলো ব্যবহার করা হচ্ছিল। এতে আফগান যুদ্ধের ব্যয় প্রাক্কলিত ব্যয়কে ছাড়িয়ে যাচ্ছে বলে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা খাতের ক্রমহ্রাসমান বাজেটে বরাদ্দের চলতি সময়ে এই অতিরিক্ত ব্যয় চাপ হয়ে দেখা দেয়।

ফলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে সরবরাহ পথ ফের চালু করতে জুলাইয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সমঝোতা হয়।

কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলেও সরবরাহ পথটি এখনও পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। পাকিস্তানে আটকে পড়া ৭ হাজার কার্গোর মধ্যে ৫ হাজার কার্গো আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন কর্তৃপক্ষের (ট্রান্সকম) তথ্য থেকে দেখা যায়, জুলাইয়ের পর থেকে গত মাস পর্যন্ত এ পর্যন্ত মাত্র ৪০ কন্টেইনার নতুন কার্গো পাকিস্তানের পথটি ব্যবহার করে সরবরাহ করা গেছে। কিন্তু একই সময়ে উত্তরাঞ্চলীয় সরবরাহ নেটওয়ার্ক হিসেবে পরিচিত বিকল্প পথগুলো দিয়ে ২০ ফুটের ২৮ হাজার কন্টেইনার সরবরাহ করা গেছে।

তবে ট্রান্সকমের প্রধান জেনারেল উইলিয়াম ফস্টার মনে করেন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সবকিছু সঠিকভাবেই এগোচ্ছে।