কোরিয়া উপদ্বীপ নিয়ে চীনের হুঁশিয়ারি
কোরিয়া উপদ্বীপকে আরো উত্তেজনার মুখে ঠেলে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সব অনাক্রমণ চুক্তি ভঙ্গ করা এবং আগাম পরমাণু হামলা চালানোর হুমকি দেয়ার পর চীন ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা এড়িয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার প্রধান মিত্রদেশ চীন।
উত্তর কোরিয়ার ওপর বৃহস্পতিবার নতুন করে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হওয়ার জবাবে দেশটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দেয়।
উত্তরের বিলাসবহুল পণ্য আমদানী এবং ব্যাংকিং খাত নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। চীন উত্তর কোরিয়াকে খাদ্য ও জ্বালানি সরবরাহ করা ছাড়াও কূটনৈতিক সহযোগিতা করে আসছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের হুয়া চুয়িং বলেছেন, চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক আছে। কিন্তু একইসঙ্গে আমরা উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষারও বিরোধী।
“চীন সংশ্লিষ্ট সব পক্ষকেই শান্ত ও সংযত থাকা এবং আরো বেশি উত্তেজনা উস্কে দেয় এমন কোনো কিছু করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে,” বলেন তিনি।
