দক্ষিণ কোরিয়ার সঙ্গে অনাগ্রাসন চুক্তি ভঙ্গ উত্তরের
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব অনাগ্রাসন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সিউলের সঙ্গে ‘হটলাইন’ এবং দু’দেশের আন্তসীমান্ত যোগাযোগ বন্ধেরও ঘোষণা দিয়েছে তারা।
গত মাসে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার শাস্তিস্বরূপ দেশটিতে নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর এ ঘোষণা এল।
নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন উত্তর কোরিয়ার কূটনীতিকরা। এ ছাড়া, নগদ অর্থের লেনদেন এবং বিলাস সামগ্রীর ওপরও নিষেধাজ্ঞা থাকবে। তাছাড়া, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে নিষেধাজ্ঞা প্রস্তাবে।
বৃহস্পতিবার নতুন এ প্রস্তাবে ভোট হওয়ার পর উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থায় বলা হয়, উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সব অনাক্রমণ চুক্তি বাতিল করছে। একই সঙ্গে উভয় দেশের মধ্যবর্তী ‘অসামরিক এলাকা’ পানমুনজম সীমান্ত যোগাযোগও বন্ধ করে দিচ্ছে।
দুই কোরিয়ার মধ্যে কয়েকবছরে বেশকিছু চুক্তি হয়েছিল। এর মধ্যে রয়েছে ১৯১৯ সালে বিরোধ নিষ্পত্তি এবং সামরিক সংঘাত এড়ানোর চুক্তিসহ আরো কিছু চুক্তি।
চুক্তিগুলো বাতিলের ব্যাপারে উত্তর কোরিয়া বিস্তারিত কিছু না জানালেও অবিলম্বে উত্তর-দক্ষিণ ‘হটলাইন’ বন্ধ করার বিষয়ে দক্ষিণ কোরিয়াকে জানানো হয়েছে বলে জানিয়েছে। চরম উত্তেজনার সময় সরাসরি যোগাযোগের জন্য ১০৭১ সালে চালু হয়েছিল এ হটলাইন।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একটি দলের সঙ্গে ইতোমধ্যেই দেখা করেছেন এবং শত্রুকে যেকোনো মুহূর্তে পুরোপুরি ধ্বংস করতে প্রস্তুত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
