প্রাদেশিক রাজধানী দখলের দাবি সিরিয়ার বিদ্রোহীদের
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীরা দেশটির একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে বলে দাবি করেছে। সিরিয়ার উত্তরপুবের এই শহরটির নাম রাক্কা। এটি আল রাক্কা প্রদেশের রাজধানী শহর।
সোমবার শহরটি বিদ্রোহীদের দখলে আসার পর জনতা শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত প্রেসিডেন্ট আসাদের পিতা সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের একটি মুর্তি ভেঙ্গে ফেলে।
ইউফ্রেতিস নদীর তীরবর্তী রাক্কা শহরের পতন আসাদ সরকারের জন্য একটি বড় ধাক্কা। বিপরীতে বিদ্রোহীদের জন্য এটি একটি বড় সাফল্য। দুই বছর বয়সী এই যুদ্ধে এই প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলের দাবি করল বিদ্রোহীরা।
সরকারি বাহিনী এখনও রাক্কা থেকে ৬০ কিলোমিটার দূরের প্রাদেশিক বিমানবন্দর দখল করে রেখেছে। আর এ কারণে এখনও তাদের প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ হুমকিমুক্ত নয় বলে জানিয়েছে বিদ্রোহী যোদ্ধারা।
রাক্কার এক বাসিন্দা জানিয়েছেন, শহরের একটি সেনাগোয়েন্দা দপ্তর এখনও সরকারি বাহিনীর দখলে রয়ে গেছে। তবে বিদ্রোহী যোদ্ধারা দপ্তরটি ঘিরে রেখেছে।
বিদ্রোহীরা দখল করে নেওয়ায় সরকারি বাহিনী শহরটিতে বিমান হামলা ও স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে প্রায় পাঁচ লাখ অধিবাসীর শহর রাক্কার বাসিন্দারা আশঙ্কা করছে।
ইন্টারনেটে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, শহর কেন্দ্রে স্থাপিত হাফেজ আল আসাদের মুর্তির গলায় দড়ি বেঁধে টানছে যুবকরা। এরপর এক সময় মুর্তিটি ভেঙে পড়তে দেখা গেছে।
রাক্কা একটি প্রাচীন শহর। গ্রিকবীর আলেকজান্ডার শহরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আব্বাসীয় খলিফা আল মনসুরের সময় শহরটি পুনর্নির্মিত হয়। ওই সময় বাগদাদের পর এটি আব্বাসীয় সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল।
