মালয়েশিয়ার সাবায় বন্দুকযুদ্ধ, ৫ পুলিশ নিহত
মালয়েশিয়ার বন্দুকধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার রাতে মালয়েশিয়ার পূর্ব সাবা রাজ্যের সেম্পোর্নায় এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে ফিলিপাইনের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
গত মাসে অন্তত ১শ’ ফিলিপিনো নৌকায় করে পূর্ব সাবার লাহাদ দাতু জেলায় এসে নামে। তারা ১৯ শতকের কিছু দলিলের সূত্রে ওই এলাকার মালিকান দাবি করে।
রয়্যাল আর্মি অব সুলু নামে পরিচয় দেওয়া ওই মুসলিম গোষ্ঠিটি ফেব্রুয়ারির প্রথম দিক থেকে লাহাদ দাতু জেলার একটি গ্রাম দখল করে রাখে।
শুক্রবার ওই ফিলিপিনোদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মালয়েশীয় পুলিশ কর্মকর্তা ও ১২ ফিলিপিনো নিহত হয়।
শনিবারের সংঘর্ষের বিষয়ে মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান ইসমাইল ওমর জানিয়েছেন, “অজ্ঞাত বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে।”প্রকাশিত একটি প্রতিবেদনে দুজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
ফিলিপাইনের স্বায়ত্ত্বশাসিত সুলু দ্বীপের স্বঘোষিত সুলতান তৃতীয় সুলু জামালুল কিরাম এর ছোট ভাই আগবিমুদ্দিন কিরামের নেতৃত্বে ফেব্রুয়ারির প্রথমদিকে অন্তত ১শ’ গোত্র সদস্য লাহাদ দাতুতে আসার মধ্য দিয়ে এ সঙ্কটের সূত্রপাত।
এক সময় সুলু সুলতানরা ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি দ্বীপে নিজেদের রাজ্য বিস্তার করেছিলেন। ওই সময় বর্তমান মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের কিছু এলাকাও তাদের রাজ্যের আওতায় এসেছিল। ১৮শ’ শতকে ব্রিটিশরা সাবাকে নিজেদের এলাকার অর্ন্তভূক্ত করলে সুলুর সুলতান এলাকাটিকে নিজেদের বলে দাবি করে।
১৯৬৩ সালে সাবা মালয়েশিয়ার অংশে পরিণত হয়। কিন্তু এখনও মালয়েশিয়া সরকার সাবা এলাকার ভাড়া বাবদ সুলুর সুলতানকে প্রতীকী অর্থ দিয়ে আসছে।
সুলুর রাজকীয় বাহিনীর (রয়্যাল আর্মি) দাবি মালয়েশিয়া সাবা এলাকার উপর সুলতানের মালিকান স্বীকার করে আগের ইজারার নবায়ন করুক। কিন্তু মালয়েশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে, এ রকম কোনো কিছু করার ইচ্ছা তাদের নেই।
