২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের মার্কিন সাহায্য ঘোষণার নিন্দায় সিরিয়া-ইরান

সিরিয়ার বাশার আল আসাদ সরকার বিরোধী বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের সরাসরি সাহায্য দেওয়ার পরিকল্পনার নিন্দা করেছে সিরিয়া ও মিত্র ইরান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 06:57 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য সিরিয়ার সংঘাতকে শুধু দীর্ঘায়িত করে তুলবে।

তিনি বলেন, “সিরিয়ার চলমান পরিস্থিতিতে সত্যিই দুঃখবোধ করলে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সিরিয়া সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য চাপ প্রয়োগ করতে পারতো, আর এভাবে রক্তপাত বন্ধে পদক্ষেপ নিতে পারতো। তা না করে কেন সংঘাত চালিয়ে যেতে বিদ্রোহীদের তারা উস্কে দিচ্ছে?”

তেহরান সফরে থাকা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম দ্বিমুখি ভূমিকা গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন।

তিনি বলেছেন, “আমি বুঝি না যুক্তরাষ্ট্র কিভাবে সিরিয়ার জনগণের হত্যার সঙ্গে জড়িত গোষ্ঠিগুলোকে সমর্থন দেয়। এটা দ্বৈতনীতি ছাড়া কিছুই না। যে রাজনৈতিক সমাধানের কথা বলে সে সিরিয়ার মানুষকে শাস্তির মুখোমুখি করতে পারে না।”

এদিকে শনিবার রাতে যুক্তরাজ্যের সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ যুক্তরাজ্যকে “অগভীর ও অপরিণত” শক্তি বলে উল্লেখ করেছেন।