২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিদ্রোহীদের সাহায্য দেবে যুক্তরাষ্ট্র

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের জন্য লড়াইরত বিদ্রোহী যোদ্ধাদের কাছে প্রথম সরাসরি সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Feb 2013, 10:01 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোমে সিরিয়ার বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সমর্থনে সরাসরি খাদ্য এবং চিকিৎসা সহায়তা পাঠাবে।

অতিরিক্ত সাহায্য হিসাবে সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ৬ কোটি ডলার অনুদানও দেয়ার প্রতিশ্রুতি দেন কেরি।

লড়াই বিধ্বস্ত ওই এলাকাগুলোতে জরুরি শাসনকার্য পরিচালনা ও অন্যান্য মানবিক সেবামূলক কাজের জন্য সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলকে(এসএনসি)এ অর্থ সাহায্য দেয়া হবে।

তবে সিরিয়ার বিদ্রোহীদের দীর্ঘদিনের চাওয়া অস্ত্র ও গোলাবারুদ সহায়তার ব্যাপারে কেরি কিছু বলেননি।

এর আগে সংশ্লিষ্ট কয়েকটি মার্কিন সূত্র সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদেরকে অস্ত্র সহায়তা দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানায়।

তবে অস্ত্র না দিলেও বিদ্রোহীদের সরাসরি সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার ব্যাপারে তাদের আগের অবস্থান থেকে সরে এল বলেই মনে করছেন সংবাদাতারা।

কেরি ইতালির রাজধানী রোমে ফ্রেন্ডস অব সিরিয়া গ্রুপের দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন সিরিয়ার বিরোধীজোটের প্রতিনিধিরাও।

সিরিয়ায় সহিংসতার ঘটনায় বিশ্বের নীরবতার প্রতিবাদে এসএনসি প্রথমে রোমের বৈঠক বয়কটের হুমকি দিলেও পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিরোধীদেরকে সহায়তার আভাস দিলে তারা বৈঠকে যোগ দিতে রাজি হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১১ সাল থেকে সিরিয়ায় চলমান লড়াইয়ে ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। কেরি বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় রাজনৈতিক উত্তরণ ত্বরান্বিত করতে চায়।

বিদ্রোহীদেরকে সাহায্য দেয়ার এ সিদ্ধান্ত সিরিয়ায় গণতান্ত্রিক উত্তরণ এবং পদত্যাগের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ সৃষ্টির উদ্দেশেই নেয়া হয়েছে বলে জানান কেরি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন সিরিয়ার বিরোধী সুপ্রিম মিলিটারি কাউন্সিলসহ বিরোধীপক্ষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা বাড়াবে।

ইরান এবং হিজবুল্লাহর সমর্থনে সিরিয়ার সশস্ত্র বাহিনীর চলমান নৃশংসতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে কেরি বলেন, “প্রেসিডেন্ট আসাদের দিন ফুরিয়ে এসেছে। তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।”

যুক্তরাষ্ট্রের ঘোষিত সাহায্য সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের হাতকে শক্তিশালী করবে এবং তারা প্রতিনিধিত্বশীল সরকার গড়ে তুলতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন কেরি।

কিন্তু লড়াই জয়ের জন্য সিরীয় বিদ্রোহীদের দাবি অনুযায়ী তাদেরকে অস্ত্র পাঠাতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি হতাশা সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।