ভারতে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ভারতের মহারাষ্ট্রের একটি বেসরকারি বিদ্যালয়ে ২২ জন বালিকাকে যৌন নিপীড়নের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
মহারাষ্ট্রের পাশনায় অবস্থিত স্কুলের ওই শিক্ষক দুইমাস ধরে ছাত্রীদের নানাভাবে যৌননিপীড়ন করছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রদীপ গোথ্যাকার নামে ওই শিক্ষকের বিরুদ্ধে ফিফথ স্ট্যান্ডার্ডের ছাত্রীরা স্কুল কর্তৃপক্ষের কাছে বিবৃতি দেওয়ার পর বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রীরা জানিয়েছেন, ওই শিক্ষক শ্রেণীকক্ষে এবং শারীরিক শিক্ষা ক্লাসে তাদের যৌন হয়রানী করেছেন।
৫০ বছর বয়সী প্রদীপ স্কুলটিতে শিক্ষার্থীদের লেখায় দক্ষতা অর্জন বিষয়ক শিক্ষা দিতেন। তাকে ২০১২ সালের শিশু যৌননিপীড়ন রোধ আইনের আওতায় গ্রেপ্তার করা হয়।
ছাত্রীরা প্রথমে তাদের শিক্ষকদের কাছে অভিযোগ উত্থাপন করার পর শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করে এবং ছাত্রীদের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করার পর শুক্রবার পুলিশের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায়।
পুলিশ ছাত্রীদের ওই অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রদীপকে গ্রেপ্তার করে।
