২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি

ইরানে নিষেধাজ্ঞা আরোপের ফলে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে করে এ জট খোলা অত্যন্ত দুরূহ হবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Feb 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

উপরন্তু নিষেধাজ্ঞার প্রভাবে ইরান আরো বেশি করে কলো অর্থনীতির দিকে ঝুঁকে পড়তে থাকলে আগামী দিনগুলোতে বিপন্ন হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতা।

নতুন এক প্রতিবেদনে এমন আশঙ্কাই প্রকাশ করেছে ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’।

নিষেধাজ্ঞার ‘অনাকাঙ্খিত পরিণতি’র কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, “ইরানের এলিট রেভল্যুশনারী গার্ডসসহ(আইআরজিসি)আরো অন্যান্য যাদের হাতে রাষ্ট্রীয় সম্পদ আছে তারা নিষেধাজ্ঞা এড়াতে সিদ্ধহস্ত।তাছাড়া, তাদের অর্থনীতির একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন চোরকারবারি নেটওয়ার্ক।”

“শাসকগোষ্ঠী যে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, বরং এতে করে আইআরজিসি এর মতো রাষ্ট্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কগুলোর সংসর্গ গড়ে উঠছে সহজেই।”

“সময় গড়িয়ে যেতে থাকার সঙ্গে সঙ্গে সুসংগঠিত এই অপরাধ চক্রগুলো আরো সংঘবদ্ধ হয়ে উঠতে পারে এমনকি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও টিকে থাকার মতো শক্তি সঞ্চয় করে ফেলতে পারে।আর সীমান্ত পারের অপরাধ তৎপরতায় দুর্নীতির দিক দিয়ে শীর্ষস্থানে থাকা ইরানের দুই প্রতিবেশী দেশ ইরাক এবং আফগানিস্তানের সংশ্রবে দীর্ঘমেয়াদে ক্ষুন্ন হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতা।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে দেশটির তেল এবং ব্যাংকিং খাতে উপর্যুপরি কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হওয়ার কারণে অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে।ফলে অর্থনীতি সচল রাখতে ইরানকে নতুন নতুন পথ খুঁজতে হচ্ছে।

নিষেধাজ্ঞার সঙ্গে অর্থনীতিকে খাপ খাইয়ে নিতে ইরান যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে তাতে দেশটিতে কালো অর্তনীতিরই উত্থান ঘটছে।

বাড়ছে অপরাধের মাত্রা, দুর্নীতি, বাণিজ্যিক নেটওয়ার্কের বদলে গজিয়ে উঠছে গোপন নেটওয়ার্ক, বাড়ছে চোরকারবার। অর্তনীতির চালিকাশক্তি হয়ে উঠছে চোরকারবারি চক্রগুলো।যা থেকে উঠে আসছে দেশটির জিডিপি’র ২১ শতাংশ।

এ অঞ্চলে কালো অর্থনীতির এ প্রসার বিশেষত আফগানিস্তানের জন্য উদ্বেগের।যেখানে দুর্নীতি দমনে সরকারকে রাজি করানোর চেষ্টা করে এখনো সফল হতে পারেনি যুক্তরাষ্ট্র।

আর ইরানের অন্য প্রতিবেশীর মধ্যে পাকিস্তানে কালো অর্থনীতির চিত্র এখনই নজরে পড়ার মতো।এর প্রভাবে সেখানে জঙ্গি গ্রুপগুলো প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে।যারা প্রায়শই উপসাগরীয় দেশগুলো থেকে পাওয়া তহবিলে ফুলে ফেঁপে উঠছে।