কলকাতায় মার্কেটে আগুন, নিহত ১৮
কলকাতার শিয়ালদা এলাকায় একটি বিপণিবিতানে আগুন লেগে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো অন্তত ১৭ জনকে।
পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস মিনিস্টার জাভেদ খান রয়টার্সকে বলেন, “আমরা এ পর্যন্ত ১৮ টি মৃতদেহ উদ্ধার করেছি।”
ভারতীয় টেলিভিশন এনডিটিভির খবরে বলা হয়, ভোর ৪টার দিকে মধ্য কলকাতার সূর্য সেন মার্কেটে আগুন লাগে। দূর থেকেও ওই ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নি নির্বাপক কর্মীরা।
তবে ভবনটিতে পৌঁছানোর গলিগুলো সরু হওয়ায় এবং অগ্নিকাণ্ডের কারণে মার্কেটের প্রধান ফটক ব্যবহার করতে না পারায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ছয় তলা ওই ভবনে বেশ কিছু দোকান, কাগজ ও প্লাস্টিক পণ্যের গুদাম ছিল। এরকমই একটি গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও ফায়ার ব্রিগেড কর্মীরা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে তিন দিনের মধ্যে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে।
মমতা বলেন, “আমি ভবনটি দেখেছি। এটা একটা গোলকধাঁধা। আমাদের বিকল্প চিন্তা করতে হবে। নিরাপত্তার বিষয়ে আরো কঠোর হতে হবে। আমরা বাড়ি ভেঙে ফেলা বা লাইসেন্স বাতিল করার পক্ষে নই।”
কলকাতার পুলিশ কমিশনার সুরজিত কর পুরাকায়স্ত এবং মেয়র ইন কাউন্সিল জাবেদ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান তদারক করেন।
জাবেদ খান সাংবাদিকদের জানান, সূর্য সেন মার্কেটের এই ভবনটির নকশা অনুমোদিত নয়।
ওই মার্কেটে বেশ কিছু রেস্তোরাঁয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে রান্নার কাজ চলতো, কিন্তু অগ্নি নির্বাপণের সাধারণ ব্যবস্থাও সেখানে ছিল না।
অপরিকল্পিত ও অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটেছে কলকাতায়।
২০১০ সালের মার্চে পার্ক স্ট্রিটের এক অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়। আর ২০১১ সালের ডিসেম্বরে দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালে আগুন লেগে নিহত হন প্রায় ৯০ জন।
