‘তামিল বন্দিদের নির্যাতন করেছে লঙ্কান বাহিনী’
শ্রীলঙ্কায় বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলা সন্দেহে আটকদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে তাদের ওপর নানারকম নির্যাতন চালিয়েছে নিরাপত্তা বাহিনী।মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
শ্রীলংকায় গৃহযুদ্ধ অবসানের প্রায় ৪ বছর পরও বন্দি সন্দেহভাজন তামিলদের যৌন নিপীড়নসহ নানারকম নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালিয়েছে নিরাপত্তা বাহিনী।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
তামিল নারী-পুরুষদের ওপর নির্যাতনের ৭৫ টি ঘটনা খতিয়ে দেখে এইচআরডব্লিউ জানায়, বন্দিশালায় থাকাকালে তাদের ওপর উপর্যুপরি ধর্সণ, যৌন হয়রানি, জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়া এবং উল্টো করে ঝুলিয়ে রাখার মতো নানা নির্যাতন চালিয়েছে সামরিক বাহিনী, পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা।
নির্যাতনের শিকার এই তামিলরা এখন ব্রিটেনে আশ্রয়প্রার্থী হিসাবে দিন কাটাচ্ছে।তারা জানায়, তামিল টাইগার গেরিলা দলের সদস্য বলে স্বীকারোক্তি দেয়ার পরই তাদের নির্যাতন থেকে রেহাই দেয়া হত এবং ঘুষের বিনিময়ে ছেড়ে দেয়া হত।
“তামিল টাইগারদের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা থাকা এই বন্দিদের দিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সই করিয়ে নেয়ার পর নির্যাতন বন্ধ করা হত” বলে ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানান এইচআরডব্লিউ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি।
২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে এ সমস্ত নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানায় এইচআরডব্লিউ। তবে নয়াদিল্লিতে শ্রীলঙ্কার হাই কমিশনার নির্যতনের এ ধরনের অভিযোগ সত্য বলে ধরে নেয়ার মতো কোনো প্রমাণ পাননি বলে জানিয়েছেন।
বিদেশে আশ্রয়লাভের সুবিধার জন্য তামিলরা এ সমস্ত গল্প ফেঁদেছে বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত প্রসাদ কারিয়াওয়াসাম।
তিনি বলেন, “ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে না দেখা পর্যন্ত আমরা এগুলোকে বানানো গল্প বলেই ধরে নেব।
