হায়দ্রাবাদ হামলায় নিহত ১৬, পাকিস্তানের নিন্দা
ভারতে অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদে ব্যস্ত বাজার এলাকায় সাইকেলে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে ঘটনাস্থল পরিদর্শন করার পর হাসপাতালে ১১৭ জন আহতের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার ঠিক পরপর পাঁচ মিনিটের ব্যবধানে মাত্র ১০০ মিটার দূরত্বে বোমা দুটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়- সিনেমা হল, দোকান ও রেস্তোরাঁর মধ্যে লণ্ডভণ্ড ফল ও সবজি বাজারে বিচ্ছিন্ন রক্তাক্ত দেহ পড়ে আছে। এ ঘটনায় ভারতের সব বড় শহরে সতর্কতা জারি করা হয়।
হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান নিজেও সন্ত্রাসের শিকার। আর তাই তারা সন্ত্রাসী হামলায় ভারতের জনগণের দুর্ভোগ এবং মর্মপীড়া অনুধাবন করতে পারছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে বলেছেন, সন্ত্রাসী হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল। কিন্তু সেটা যে হায়দ্রাবাদে ঘটবে- তেমন সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে ছিল না।
অন্ধ্র প্রদেশ পুলিশের মহা পরিচালক ভি দিনেশ রেড্ডিকে উদ্ধৃত করে এনডিটিভি বলেছে, যে বোমা দুটি ফাটানো হয়েছে সেগুলো বানানো হয়েছে সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর কথা মাথায় রেখে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এ হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যায়িত করে বলেছেন, দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে। নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ টাকা ক্ষতিপূরণেরও ঘোষণা দিয়েছেন তিনি।
এই হায়দ্রাবাদেই ২ মার্চ ভারত-অস্ট্রেলিয়া চলমান ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত খেলার স্থান বা সূচিতে পরিবর্তন আনার কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে ২০০৭ সালে হায়দ্রাবাদে জোড়া বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হন।
