পিস্টোরিয়াসের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ!
‘ব্লেড রানার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসের হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা হিল্টন বোথার বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার ৭ টি অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার পিস্টোরিয়াসের জামিনের শুনানিতে এ নিয়ে তীব্র জেরার মুখে পড়েন হিল্টন বোথা।দুবছর আগে একটি গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
৭ জন যাত্রীবাহী একটি মিনিবাস বেআইনিভাবে গুলি ছুড়ে থামানোর চেষ্টা চালিয়েছিলেন বোথাসহ আরো দুই পুলিশ সদস্য।এক নারী খুনের ঘটনায় এক ব্যক্তিকে পিছু ধাওয়া করতে গিয়ে বোথা ওই ঘটনা ঘটান।
এ মামলায় আগামী মে মাসে বোথা ও তার সহযোগী দুই কর্মকর্তা আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার নেভিল্লে মালিলা।
বোথার বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগ ইতোপূর্বে তুলে নেয়া হলেও পিস্টোরিয়াসের বান্ধবী রিভা স্টিনক্যাম্প খুন হওয়ার কয়েকদিন আগে আবার তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় বলে জানিয়েছে, ‘দ্য ন্যাশনাল প্রসেকিউটিং অথোরিটি’(এনপিএ)।
মালিলা বলেন, আদালত বোথার বিরুদ্ধে অভিযোগ পুনর্বহালের সিদ্ধান্ত নেয়ায় এখন অভ্যন্তরীন একটি তদন্তের পর তাকে পিস্টোরিয়াস মামলার দায়িত্বে রাখা যায় কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে।
“কিন্তু এ মুহূর্তে তাকে পিস্টোরিয়াসের মামলা থেকে অব্যাহতি দেয়ার কোনো পরিকল্পনা নেই,” বলেন তিনি।
বোথার বিরুদ্ধে অভিযোগ পুনর্বহালের কারণ কি তা পরিস্কার নয়। তাছাড়া, পিস্টোরিয়াসের হত্যা মামলায় এ নতুন মোড় পরিবর্তন তার জামিনের শুনানিতে কি প্রভাব ফেলবে এবং পিস্টোরিয়াস কাস্টডি মুক্ত হওয়ার সুযোগ পাবেন কিনা তাও ঠিক বোঝা যাচ্ছে না।
গত মঙ্গলবার আদালতের শুনানিতে বান্ধবীকে পরিকল্পিতভাবে খুন করার সরকারি কৌসুলিদের অভিযোগ অস্বীকার করেন পিস্টোরিয়াস।
তিনি বলেন, বাড়িতে অনুপ্রবেশকারী ঢুকেছে ভেবে তিনি ভুল করে গুলি চালিয়েছিলেন। আর বান্ধবী রিভা স্টিনক্যাম্প তখনও বেডরুমে ছিলেন বলেই ধারণা ছিল তার। তিনি রিভাকে ভালোবাসতেন এবং তাকে হত্যা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
কিন্তু সরকার পক্ষের কৌসুলিদের অভিযোগ, বান্ধবী ওয়াশরুমে থাকার সময় ৪ দফা গুলি করে তাকে ঠান্ডা মাথায়ই খুন করেছেন পিস্টোরিয়াস।
পরিকল্পিতভাবে হত্যার এ অভিযোগ প্রমাণিত হলে পিস্টোরিয়াসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
