২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে শ্যাভেজের অনুসারী ৪০ লাখ

কিউবায় দুই মাস ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন ভেনেজুয়েলার জনপ্রিয় প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। দেশটির সরকার জানিয়েছে ফিরে আসা ছাড়াও আরেকটি মাইলফলক অতিক্রম করেছেন তিনি, টুইটারে তার অনুসারীর সংখ্যা এখন ৪০ লাখ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Feb 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার ভোরে ৫৮ বছর বয়সী শ্যাভেজ কিউবার রাজধানী হাভানা থেকে ভেনেজুয়েলায় ফিরে আসেন।

ফেরার পরপরই তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ফিরে আসার কোনো ছবি প্রকাশ করা হয়নি, শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

তবে শারীরিক জটিলতা এখনো রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

শ্যাভেজের শারীরিক অবস্থার সর্বশেষ বিবরণে জানা গিয়েছিল, তার কথা বলতে কষ্ট হচ্ছে এবং একটি বায়ুনলের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন।

শ্যাভেজ কথা বলতে খুব পছন্দ করেন, এমন একটি ধারণা প্রচলিত আছে।

তিনি ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে নিয়মিত মন্তব্য লিখতেন (ট্যুইট) এবং ল্যাতিন আমেরিকার অন্যান্য বামপন্থী নেতাকে একই কাজ করার জন্য উৎসাহিত করতেন।

২০১০ সালের এপ্রিলে ট্যুইটারে যোগ দেওয়ার (@chavezcandanga) পর থেকেই তার অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এদের মধ্যে তার ভক্তরা যেমন আছেন, তেমনি সমালোচক ও কৌতূহলীরাও আছেন।

সাধারণত দীর্ঘ বক্তৃতা দিতে অভ্যস্ত শ্যাভেজ ট্যুইটারের ১৪০ শব্দ সীমার মধ্যে কি বলেন, বিশেষভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি বলেন তা জানতে অনেকেই কৌতূহল বোধ করেন।

কিন্তু ক্যান্সার ধরা পড়ায় কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি নিয়ে চিকিৎসা শুরু করার পর থেকে ট্যুইটারে তার উপস্থিতি কমতে থাকে। ১ নভেম্বর ২০১২ থেকে ট্যুইট করা একেবারে বন্ধ করেন তিনি।

সোমবার সকাল থেকে আবার ট্যুইটারে উপস্থিত হয়েছেন তিনি।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত মন্ত্রিসভার এক বৈঠক থেকে বিষয়টি জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি বলেন, “ভোর সাড়ে চারটা পাঁচটার দিকে ট্যুইটার একাউন্টে বার্তা পাঠিয়ে তিনি আমাদের অবাক করে দিয়েছেন। তিন কি চারটা বার্তা পাঠিয়েছেন তিনি। ওই মুহূর্তে সারা দেশেই আঁতশবাজি পোড়ানো শুরু হয়।”

এরপরই ট্যুইটারে তার অনুসারীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যায় বলে জানান মাদুরো।

তিনি বলেন, “এটি অবিশ্বাস্য, কয়েক ঘন্টার মধ্যেই এটি ঘটে। সবচেয়ে বেশী অনুসারী আছে বিশ্বের এমন প্রেসিডেন্ট মধ্যে তিনি এখন দ্বিতীয় স্থানে। জনসংখ্যার কথা বিবেচনায় ধরলে তাকেই প্রথম বলতে হবে।”

বিশ্বের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৭০ লাখ।

সবচেয়ে বেশি অনুসারী আছে এমন ব্যক্তিত্বদের মধ্যে বিশ্বে ওবামার স্থান পঞ্চম, আর শ্যাভেজের স্থান ১৯০তম।