সিরিয়ার সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের তালিকা হচ্ছে
সিরিয়ার শীর্ষনেতৃবৃন্দের মধ্যে যারা সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য দায়ী এবং যুদ্ধরত যে সব ইউনিট সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা।
সোমবার এ বিষয়ে ১শ’ ৩১ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন তারা।
এতে দুই বছর পুরনো সিরিয়ার সংঘাতে সরকার পক্ষ ও বিরোধী বিদ্রোহী পক্ষ, উভয়পক্ষই বেসামরিক নাগরিকদের হত্যা, গুম, নির্যাতন ও নাগরিকদের মধ্যে সন্ত্রাস ছড়ানোর মতো যুদ্ধপরাধ করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত বিবেচনা করে তদন্তকারীদের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনটি সিরিয়ার থেকে বিদেশে পালিয়ে যাওয়া ৪শ’ ৪৫ জন নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
তদন্তকারীদের সিরিয়া প্রবেশের অনুমতি না থাকায় তারা সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থী স্বাক্ষীদের ওপর নির্ভর করতে বাধ্য হয়েছেন।
ব্রাজিলের পাউলো পিনহেইরোর নেতৃত্বাধীন এই স্বাধীন তদন্তকারী দলটি মারাত্মক নিয়ম লঙ্ঘণের জন্য দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে সোপর্দ করার মাধ্যমে “দায় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য” জাতিসংঘ নিরাপত্তা পরিষেদের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রতিবেদনটিতে তারা বলেছেন, “সিরিয়ার যুদ্ধাপরাধীদের বিচার থেকে অব্যহতি পাওয়ার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান আইসিসি। একটি প্রতিষ্ঠিত, ব্যাপকভাবে সমর্থিত প্রতিষ্ঠান হিসেবে আইসিসি তাৎক্ষণিকভাবে সিরিয়ায় ঘটে যাওয়া গুরুতর যুদ্ধাপরাধের তদন্ত করার উদ্যেগ নিতে পারে।”
