২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মিত হতে যাচ্ছে পাকিস্তানে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উচুঁ ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে করাচির ভবনটিই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হতে যাচ্ছে বলে দাবী করেছে নির্মাতা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 09:24 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

এ লক্ষ্যে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবু ধাবি গ্রুপের সঙ্গে ৪ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন পাকিস্তানি আবাসন ধনকুবের মালিক রিয়াজ, জানিয়েছে এনডিটিভি।

চুক্তি স্বাক্ষরের পর শনিবার রিয়াজ বলেছেন, “করাচির উচ্চতম ভবনটি দুবাইয়ের বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে।”

পাকিস্তানের বন্দর নগরী করাচির উপকূল থেকে ৩ বা ৪ কিলোমিটার দূরে আরব সাগরে একটি দ্বীপের উপর এ ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

ভবনটির নির্মাণকাজে অন্তত ২৫ লাখ মানুষের কর্সংস্থান হবে এবং এতে পাকিস্তানের শিল্পখাতে নতুন বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন রিয়াজ।

বিশাল এ প্রকল্পটির জন্য ইতোমধ্যে ১৬ হাজার একরের একটি স্থান নির্ধারণ করা হয়েছে এবং উচ্চতম ভবনটি ছাড়াও এখানে আরো ১ লাখ ২৫ হাজার বাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি ।

বিশ্বের সবচেয়ে উচুঁ ভবনের পাশাপাশি এখানে মিডিয়া নগরী, ক্রীড়ানগরী, আন্তর্জাতিক কমপ্লেক্স, চিকিৎসা ও শিক্ষা কমপ্লেক্স, রেস্তোরাঁ, শপিং কমপ্লেক্স, মাল্টিপ্লেক্স হল প্রভৃতি তৈরি করা হবে বলে জানিয়েছেন রিয়াজ।

তবে করাচির উপকূলের কোন দ্বীপে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে তার নাম জানাননি তিনি।

তবে একটি সূত্র জানিয়েছে, করাচি উপকূলের ‘কুত্তাদ্বীপে’ প্রকল্পটি বাস্তবায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেওয়ারিশ কুকুর মেরে দ্বীপটিতে কবর দেওয়া হতো বলে এ নামে দ্বীপটি পরিচিতি পেয়েছে বলে জানান তিনি।