কাশ্মীর সীমান্তে ফের পাকিস্তানি সেনা নিহত
কাশ্মীর সীমান্তে বৃহস্পতিবার আবার এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। ভারত ও পাকিস্তান দুপক্ষই খবরটি নিশ্চিত করেছে।
ভারতের সেনাবাহিনী জানায়, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ওই সেনাকে ইতস্তত ঘুরে বেড়াতে দেখে গুলি চালানো হয়।
সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে ভারতের সেনারা গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনা পাল্টা গুলি চালালে দু’পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ওই সেনা নিহত হন।
সংঘর্ষে ভারতীয় দুই সেনাও আহত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রাজেশ কালিয়া।
তবে তিনি বলেন, ওই সেনা পাকিস্তানি কিনা ঘটনার সময় তারা জানতেন না।অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহেই তারা প্রথমে গুলি চালিয়েছিলেন।
ওদিকে, পাকিস্তানের সনাবাহিনী বলেছে, ওই সেনা দিক ভুল করে নিয়ন্ত্রণ রেখার কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা।
এর আগে গত মাসে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনায় ৩ পাকিস্তানি এবং দুই ভারতীয় সেনাসহ মোট ৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সেখানে আবার নতুন করে ওই হত্যাকাণ্ডের ঘটনায় দু’দেশের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।
