খুনের অভিযোগে আদালতে ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াস
বান্ধবীকে গুলি করে হত্যার অভিযোগে ‘ব্লেড রানার’ হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকার তারকা দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস শুক্রবার আদালতে হাজির হয়ে
পুলিশের গাড়িতে করে তাকে প্রিটোরিয়ার আদালতে নিয়ে যাওয়া হয়। এরপর জ্যাকেট এবং নোটবুকে মুখ ঢেকে আদালতে হাজির হন পিস্টোরিয়াস।
ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগের শুনানি চলার সময় পিস্টোরিয়াস হাত দিয়ে মুখ ঢেকে রাখেন এবং কান্নায় ভেঙে পড়েন। পিস্টোরিয়াসের পরিবারের সদস্যরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
শুনানির পর পিস্টোরিয়াসের পরিবার এবং ব্যবস্থাপনা কোম্পানি থেকে প্রকাশিত একটি বিবৃতিতে খুনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। নিহতের পরিবারের প্রতিও এতে সমবেদনা প্রকাশ করা হয়। কিন্তু কি ঘটেছিল সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয় নি।
পিস্টোরিয়াসের জামিনের আবেদন পিছিয়ে দেয়া হয়েছে মঙ্গলবার পর্যন্ত এবং তিনি পুলিশ কাস্টডিতে থাকবেন।তার বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগে মামলা চলবে বলে জানিয়েছেন কৌসুলিরা।
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া শহরে পিস্টোরিয়াসের বাড়ি থেকে বান্ধবী রিভা স্টিনক্যাম্পের (২৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রিভা দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় মডেল ছিলেন । তার মাথায় ও দেহের উপরের অংশে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে । মৃতদেহের পাশ থেকে একটি নাইনএমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে একমাত্র পিস্টোরিয়াসকেই দেখতে পায়। থানায় নিয়ে যাওয়ার সময় ধূসর রংয়ের একটি জ্যাকেট পরিহিত পিস্টোরিয়াসের মাথা জ্যাকেটের টুপি দিয়ে ঢাকা ছিলো।
গণমাধ্যমে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, বান্ধবীকে বাড়িতে অনুপ্রবেশকারী মনে করে হয়তো গুলি করেছিলেন পিস্টোরিয়াস।
কিন্তু পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের সময় কান্না ও চিৎকারের শব্দ শুনেছেন প্রতিবেশীরা, তাই অতীতেও এই বাড়িতে পারিবারিক ঝগড়ার মতো কোনো ঘটনা ঘটেছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
শারীরিক প্রতিবন্ধী পিস্টোরিয়াস হাঁটুর নিচ থেকে দুই পায়ের হাড় ছাড়াই জন্মেছিলেন। বয়স এক বছর হওয়ার আগেই হাঁটুর নিচ থেকে দুই পায়ের ওই অংশ দুটি কেটে ফেলা হয়।
এরপর থেকে কার্বনের কৃত্রিম দুই পা নিয়ে তিনি চলাফেরা করতেন। পরবর্তীতে দৌড়বিদ হিসেবে আত্মপ্রকাশ করলে কৃত্রিম পায়ের জন্য তিনি ‘ব্লেড রানার’ নামে বিশ্বজোড়া পরিচিতি পান।
ইতিহাসের প্রথম কোনা দৌড়বিদ হিসেবে ২০১২ অলিম্পিক ও প্যারালিম্পিক, দুটো ক্রীড়া উৎসবেই প্রতিযোগিতায় নেমেছিলেন ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াস।
লন্ডন অলিম্পিকে তার ঐতিহাসিক অংশগ্রহণের পর বিশ্বের প্রতিবন্ধী মানুষের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন তিনি।
মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে রিভার মা সারিট টমলিনসন বলেন, “যারা তাকে চিনতো কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। খুবই মিষ্টি, নিষ্পাপ ও নরম মনের মানুষ ছিলো সে।
