২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলা সম্পর্কে স্বচ্ছতার অঙ্গীকার ওবামার

বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকও যদি সন্ত্রাসবাদে যুক্ত থাকে তবে তাদের বিরুদ্ধেও ড্রোন হামলার সিদ্ধান্ত বিষয়ে চলমান আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এই অঙ্গীকার করেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Feb 2013, 08:55 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

গোপন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন না বলে মার্কিন জনগণকে আশ্বস্ত করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ বিষয়ে জনগণকে আরো বেশি তথ্য জানানো হবে বলেও তিনি অঙ্গীকার করেছেন।

বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকও যদি সন্ত্রাসবাদে যুক্ত থাকে তবে তাদের বিরুদ্ধেও ড্রোন হামলার সিদ্ধান্ত বিষয়ে চলমান আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি এই কথা বলেন।

ওবামাবিরোধী শিবির দাবি করেছে, বিদেশের মাটিতে সন্ত্রাসবাদে যুক্ত মার্কিনিদের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের গোপন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জনগণকে আরো বিস্তারিতভাবে অবহিত করা প্রয়োজন।

এই বিতর্কের অবসান ঘটাতেই ওবামা এই ঘোষণা দিয়েছেন।

ওবামা বলেন, বিদেশের মাটিতে গোপনে ড্রোন ব্যবহার সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণ আরো কিছু জানতে চায়। তাই তিনি এ বিষয়ে জনগণকে আশ্বস্ত করা প্রয়োজন বলে মনে করেন।

আমেরিকার নাগরিকদের ওপর আমেরিকার মাটিতে কখনো ড্রোন ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ওবামা। বৃহষ্পতিবার অনলাইনে ভিডিওর মাধ্যমে এক প্রশ্নোত্তরপর্বে অংশ নিয়ে ওবামা এসব কথা বলেন।

গুগল এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করে।

এই বিতর্কের জের ধরে গত সপ্তায় বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা কেন্দ্রীয় বিশেষ ‘ড্রোন কোর্ট’ স্থাপনের প্রস্তাব করেন। যার মাধ্যমে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে হামলার আইনগত সিদ্ধান্ত আসবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছেন, এই প্রক্রিয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।

২০১১ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে ড্রোন হামলায় আনওয়ার আল আওলাকি নিহত হওয়ার পর এ বিতর্কের শুরু হয়।

যুক্তরাষ্ট্রের নাগরিক আওলাকি আল কায়দার ইয়েমেন শাখার একজন শীর্ষ নেতা ছিলেন।