উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক হুমকি’
উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা।
বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা বলেছেন, পারমাণবিক পরীক্ষা চালানো এবং হম্বিতম্বি করে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।
উত্তর কোরিয়া মঙ্গলবার তৃতীয় দফায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পর পানেট্টা এ মন্তব্য করলেন।তিনি ইরানের মতো উত্তর কোরিয়াকেও দুর্ব্রত্ত রাষ্ট্রের কাতারে ফেলেন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসাবে চাক হেগেলকে নির্বাচিত করা নিয়ে ওয়াশিংটনের ভোটের প্রস্তুতির মধ্যে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষাটি চালাল।
এর প্রতিক্রিয়ায় পেন্টাগনে বিদায়ী ভাষণে পানেট্টা বলেন, “আগামী দিনগুলোতেও যুক্তরাষ্ট্রকে এরকম অভাবনীয় পরিস্থিতিতে পড়তে হবে।মোকাবেলা করে চলতে হবে গণবিধ্বংসী অস্ত্র, অস্ত্রের বিস্তার, থেকে যেতে হবে ইরান এবং উত্তর কোরিয়ার মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকির মুখে।”
তিনি আরো বলেন, “উত্তর কোরিয়া গত কয়েক সপ্তাহে কি করেছে তা আমরা এই মাত্রই দেখলাম।প্রথমে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল তারা। আর এখন তারা চালাল পরামাণু পরীক্ষা।যুক্তরাষ্ট্রের জন্য তারা ‘মারাত্মক হুমকি’ হয়ে দেখা দিয়েছে। আমরা এখন তা মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছি।”
নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কড়া নিন্দা জানিয়েছে।উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কাজ শুরু করছে তারা।
এর আগে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ায় ব্যাপারে অটল মনোভাব জানিয়ে দিয়ে বলেছে, জাতিসংঘের কোনো প্রস্তাবনার কাছে তারা মাথা নত করবে না।
সর্বশেষ পারমাণবিক পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের বৈরি নীতির পাল্টা জবাব আখ্যা দিয়ে উত্তর কোরিয়া আগামীতে আরো বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছে।
জেনেভায় উত্তর কোরিয়া মিশনের ফার্স্ট সেক্রেটারি জন ইয়ং রায়ং জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে বলেন, “উত্তর কোরিয়া (ডিপিআরকে) তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অযৌক্তিক প্রস্তাবনা মেনে নেবে এমনটি মনে করে থাকলে ভুল করবে যুক্তরাষ্ট্র ও এর অনুসারীরা।ডিপিআরকে কোনো প্রস্তাবনার কাছে মাথা নত করবে না।”
তিনি আরো বলেন, ইইউ (ইউরোপীয় ইউনিয়ন)সত্যিই কোরিয়া উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা চাইলে তাদের উচিত প্রথমেই ডিপিআরকে’র বিরুদ্ধে বৈরি নীতি পরিহারের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো।
