২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুম্ভ মেলা আয়োজক কমিটি প্রধানের পদত্যাগ

বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ভারতের মহা কুম্ভমেলায় অংগ্রহণ শেষে ফেরার সময় উত্তর প্রদেশের এলাহাবাদ রেলস্টেশনে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যুর পর পদত্যাগ করেছেন মেলার আয়োজক কমিটির প্রধান ও রাজ্যমন্ত্রী আজম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

মেলায় এত মানুষের মৃত্যুর ঘটনায় নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

রোববার এ ঘটনা ঘটে। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও কি কারণে ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার নয় বলে জানায় এনডিটিভি।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে প্রথমে একটি ফুটওভারব্রীজের রেলিং ভাঙা থেকে ঘটনার সূত্রপাতের কথা বলা হলেও পরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের লাঠি চার্জের কথা বলা হয়।

আজম খান বলেন, “ঘটনাটি মেলাস্থলের বাইরে ঘটলেও আমি এর নৈতিক দায় নিয়ে কুম্ভ মেলার ইনচার্জ এর পদ থেকে পদত্যাগ করছি।” আজম খান মেলার আয়োজক কমিটির প্রধান এবং একইসঙ্গে উত্তর প্রদেশ রাজ্য সরকারের মন্ত্রিসভার মন্ত্রীও।

রোববার হিন্দু ধর্মীয় মতে ‘মৌনি অমাবস্যা’ হওয়ায় কয়েক কোটি মানুষ গঙ্গায় পুণ্যস্নানের জন্য কুম্ভমেলায় জড়ো হয়েছিল। মেলা শেষে ফেরার পথে লাখ লাখ মানুষ এসে এলাহাবাদ স্টেশনে জড়ো হয়।

স্টেশনটিতে তিল ধারণের জায়গা ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় একটি লাইনে প্রায় ৪ হাজার লোক দাঁড়ালে সেখানে বিশৃঙ্খলা শুরু হয়। বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করলে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ সময় স্টেশনের ৫ ও ৬ নম্বার প্লাটফর্মের মাঝের ফুটওভারব্রীজে লোকজন হুড়োহুড়ি করে উঠতে গেলে ব্রীজের সিড়িতে পদদলনের ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হাসাপাতালের বিছানায় শুয়ে আহত শীষ ভাদুরি জানান, “হঠাৎ আমার উপর প্রায় শ’খানেক লোক এসে পড়ে। তাদের চাপে আমার দুই পা ভেঙে যায়।”

তিনি এখানো পা‘দুটি নড়াচড়া করতে পারছেন না বলে জানান।ঘটনার জন্য ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করেছে কর্তৃপক্ষ।