আফগানিস্তানে যুদ্ধ জয়ের পথে নেটো
আফগানিস্তানে নেটার বিদায়ী কমান্ডার জেনারেল জন অ্যালেন বলেছেন, নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ)আফগান যুদ্ধ জয়ের পথে রয়েছে।
বিদ্রোহী তৎপরতার বিরুদ্ধে যুদ্ধে সেনারা অনেকদূর এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার তার জায়গায় স্থলাভিষিক্ত হন জেনারেল জোসেফ ডানফোর্ড।আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে বেশির ভাগ সেনা প্রত্যাহারের বিষয়টি তিনিই দেখভাল করবেন।
আর অ্যালেনকে ইউরোপে নেটোর সুপ্রিম কমান্ডার হিসাবে মনোনীত করা হবে বলে জানিয়েছে বিবিসি।
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কিছু সময় লেগেছে এবং সন্ত্রাসী তৎপরতার রাশ টেনে ধরা কঠিন একথা স্বীকার করে নিলেও অ্যালেন বিবিসি কে বলেন, “আজ আমরাই জিতেছি। শাসন পরিচালনা এবং অর্থনৈতিক সমৃদ্ধির যে পরিবেশ বিরাজ করলে বিদ্রোহী তৎপরতার বিরুদ্ধে জয় হয়েছে বলা যায় সে পরিবেশ সৃষ্টির পথে আমরা অনেকদূর এগিয়েছি।আর তাই আমরা যুদ্ধ জয়ের পথে রয়েছি বলেই আমি মনে করি।”
তাছাড়া, আফগান নিরাপত্তা বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, তারা(আফগান বাহিনী)জনগণকে সুরক্ষা দিচ্ছে এবং সরকারকে তাদের নাগরিকদের রক্ষায় সক্ষম করে তুলছে।এটাও একটা জয়।”
ওদিকে, অ্যালেনের কাছ থেকে কাবুলে আইএসএএফ এর নতুন কমান্ডারের দায়িত্ব নিয়ে ডানফোর্ড বলেন, “আজ কেবল দিন বদলের দিন নয়।অবিরাম এগিয়ে চলার দিন।জোটের সংকল্প বদলায়নি।”
