২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের সমঝোতা

আরো আলোচনা চালিয়ে যাওয়া নিয়ে লড়াইরত কোচিন বিদ্রোহীদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে মিয়ানমার সরকার।এতে করে দুপক্ষের মধ্যকার সংঘর্ষ বন্ধের পথ সুগম হল বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

লড়াইরত কোচিন বিদ্রোহীদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার সরকার। চীনের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর রুইলিতে মিয়ানমার সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোচিন বিদ্রোহী নেতাদের এক বৈঠকের পর চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে দুপক্ষ সামরিক উত্তেজনা হ্রাস, যোগাযোগ গড়ে তোলা এবং ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই আরেকটি বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয়।

‘কোচিন ইনডিপেনডেন্স আর্মি’ (কেআইএ) গত ৫০ বছর ধরে মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে।

বিবিসি জানিয়েছে, রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য দুপক্ষই রাজি হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি “পর্যবেক্ষক পদ্ধতি” গঠনেও উভয়পক্ষ সম্মত হয়েছে।

গত মাসে দুপক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু এর পরপরই তা ভেঙে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমার সেনাবাহিনী কোচিন বিদ্রোহীদের সদরদপ্তর উত্তরাঞ্চলীয় লাইজা টাউনের আশপাশে বিদ্রোহীদের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নেয়।

২০১১ সালে ১৭ বছর ব্যাপী বিরাজমান শান্তিচুক্তি ভেঙে যাওয়ার পর দুপক্ষের মধ্যে আবার লড়াই শুরু হয়। লড়াইয়ের কারণে মিয়ানমারের ওই উত্তরাঞ্চলীয় এলাকা থেকে প্রায় লাখখানেক বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

চুক্তি স্বাক্ষরের আগে দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়।