২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ১

মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসির ক্ষমতা ছাড়ার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও বহু সংখ্যক আহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Feb 2013, 05:11 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

শুক্রবার কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার রাতে কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের দেয়ালের বাইরে বিক্ষোভকারী তরুণরা পেট্রল বোমা ও পটকার বিস্ফোরণ ঘটায়। জবাবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান থেকে পানি ছোঁড়ে।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তাদের সামনেই এক বিক্ষোভকারী মারা গেছেন।

এদের মধ্যে আইনজীবী রেজিয়া ওমরান বলেছেন, “এটি নিশ্চিত। আমি মর্গে আছি। তার শরীরে দুটি গুলি লেগেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। তার ঘাড়ে ও বুকের ডানপাশে গুলি লেগেছে।”

মোহামেদ হুসেন কুরানি (২৩) নিহত হয়েছেন বলে মেডিকেল ও নিরাপত্তাসূত্রগুলোও নিশ্চিত করেছে।

সারাদেশে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলে মিশরের অ্যাম্বুলেন্স বিভাগের প্রধান জানিয়েছেন। এদের অধিকাংশই কায়রোতে আহত হয়েছেন।

কয়েকদিন শান্ত থাকার পর এই সংঘর্ষের ফলে আবার মিশরের পরিস্থিতি অশান্ত হয়ে উঠলো। এরআগে মুরসির ক্ষমতাগ্রহণের সাতমাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ-সহিংসতা প্রত্যক্ষ করেছে মিশরবাসী। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারবিরোধী ওই সহিংস বিক্ষোভে দেশজুড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছে।

২৫ জানুয়ারি, ২০১১ সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকবিরোধী গণআন্দোলন শুরু হয়েছিল। ওই দিবসটি উদযাপনে নতুন করে আবার সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেয় মিশরের উদার ও বামপন্থী বিরোধীদলগুলো।

বিক্ষোভ সহিংসতার তীব্রতায় ও দেশে ক্রমবর্ধমান রাজনৈতিক মতভেদের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হচ্ছে বলে সতর্ক করেন দেশটির সেনাবাহিনী প্রধান।

চলমান বিক্ষোভ-সহিংসতার কারণে গুরুত্বপূর্ণ ইউরোপ সফরও সংক্ষিপ্ত করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুরসি।

প্রেসিডেন্ট প্রাসাদ রক্ষায় নিয়োজিত রিপালিকান গার্ডের প্রধান এক বিবৃতিতে বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট প্রাসাদে চড়াও হওয়ার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বিক্ষোভকারীরা প্রাসাদ প্রাঙ্গণের দেয়ালে ওঠার চেষ্টা করছিল ও একটি সদর দরজায় হামলা চালিয়েছিল।

গণমাধ্যমগুলোর কাছে পাঠানো ওই বার্তায়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট প্রাসাদ এলাকা ছাড়াও কায়রোর তহরির স্কয়ার, আলেকজান্দ্রিয়া ও পোর্ট সৈয়দ শহরেও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।