সালমান খানকে আদালতে তলব
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় হাজিরা দিতে ১১ ফেব্রূয়ারিতে আদালতে তলব করা হয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে।২০০২ সালের ওই দুর্ঘটনায় ফুটপাতে ঘুমিয়ে থাকা একজন নিহত হওয়া ছাড়াও আরো ৪ ব্যক্তি আহত হয়।
বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে মুম্বাইয়ে ২০০২ সালের সেপ্টেম্বরে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার যে অভিযোগ উঠেছিল সেই মামলায়ই সম্প্রতি হাজিরা দিতে তাকে ১১ ফেব্রুয়ারি আদালতে তলব করা হয়েছে।
ওই ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ২৮ সেপ্টেম্বর রাতে আমেরিকান এক্সপ্রেস বেকারিতে সজোরে ধাক্কা খায় সালমান খানের টয়োটা ল্যান্ড ক্রুইজার।গাড়ির চাপায় নিহত হয় ফুটপাতে ঘুমিয়ে থাকা একজন এবং আহত হয় আরো চারজন।
এ মামলায় প্রথমে সালমানের বিরুদ্ধে মানুষ হত্যার অপরাধের অভিযোগ দায়ের হলেও তিনি পরে আদালতে এ অভিযোগকে চ্যালেঞ্জ জানাতে সফল হন। ফলে অভিযোগটি লঘু হয়ে যায় এবং আদালত অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রায় দেয়।
সালমানের চূড়ান্ত বিচার কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে।কিন্তু অভিযোগ লঘু হয়ে যাওয়ার কারণে সালমানকে আদালতে হাজিরা দিতে হয়নি।
২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আদালতে ওই ঘটনার কয়েকজন সাক্ষীর শুনানি হয়েছে।কিন্তু ২০১১ সালের মার্চে কৌসুলিরা পুনরায় সালমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার অনুরোধ জানান।
ওই অনুরোধের পরিপ্রেক্ষিতেই আদালত সালমানকে বিচারকার্যক্রমে হাজিরা দেয়ার সর্বসাম্প্রতিক এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সালমান খান বলিউডের ৮০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।তার বিপুল জনপ্রিয়তা থাকলেও অসংযত জীবন যাপন পদ্ধতির জন্য কুখ্যাতিও আছে।আর এ কারণে তিনি ‘ব্যাড-বয়’ উপাধিও পেয়েছেন ।
২০০৬ সালে বিরল প্রজাতির হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ পেয়েছিলেন সালমান। তবে এক সপ্তাহ না পেরোতেই তিনি জামিনে মুক্তি পেয়ে যান।
