২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া নিয়ে ইরান-রশিয়াকে হিলারির হুঁশিয়ারি

সিরিয়ায় বিমান হামলা নিয়ে ইরান ও রাশিয়া ইসরায়েলকে হুঁশিয়ার করার পর দেশদুটিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।সিরিয়া সরকারকে সহায়তা করে যাওয়ার বিরুদ্ধে ইরান ও রাশিয়াকে সতর্ক করেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Feb 2013, 10:34 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

সিরিয়া নিয়ে বাড়াবাড়ি না করতে ইরান-রাশিয়াকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সিরিয়াকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেয়ার বিষয়টি ইরান এবং রাশিয়াকে ভেবে দেখার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, এ সহযোগিতা চলতে থাকলে সিরিয়ার সংঘাত আরো ছড়িয়ে পড়ে মারাত্মক পরিণতি বয়ে আনবে।

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা নিয়ে ইরান ও রাশিয়া তেল আবিবকে হুঁশিয়ার করার পর হিলারি দেশদুটিকে এ পাল্টা হুঁশিয়ারি দিলেন।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আগে হিলারি বলেন, ইরান সিরিয়া সরকারের জন্য সামরিক ও অর্থনৈতিক সহায়তা বাড়িয়ে দিয়েছে।ওদিকে, রাশিয়াও সিরিয়া সরকারকে অর্থ ও সামরিক সাজ সরঞ্জাম সহায়তা দিয়ে যাচ্ছে এমন লক্ষণও দেখা যাচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেন, সিরিয়ায় ২২ মাসের আন্দোলন সংঘর্ষে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ইরান দিন দিনই বেশি হারে জনশক্তি এবং অত্যাধুনিক সব অস্ত্র দিয়ে সাহায্য করছে বলে আলামত আছে।

এ পরিস্থিতিতে সিরিয়ার সংঘাত এখন দেশটির সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া খুবই সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার পর দেশটির প্রধানমিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটাই হিলারির প্রথম বক্তব্য।তবে বুধবারের ওই হামলার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, সিরিয়ার প্রতি ইরানের হঠাৎ জোরালো সমর্থন লক্ষ্য করছে ওয়াশিংটন। সিরিয়ায় অস্ত্রসহ গোপনে সেনা পাঠাচ্ছে ইরান।শুধু আসাদকে সহায়তা করেতেই নয় বরং সামরিক নিরাপত্তা বাহিনীকে উপদেশ দিয়ে সহায়তা করার জন্যও ইরান কর্মকর্তা পাঠাচ্ছে।

মস্কোর প্রতিও একই অভিযোগ করে হিলারি বলেন, আসাদ বাহিনীকে সহযোগিতা করতে রাশিয়া আর্থিক ও সামরিক সাহায্য পাঠাচ্ছে, এ তথ্য বিশ্বাস করার যথেষ্ট কারণ আমাদের হাতে আছে।

এর আগে, বুধবার সিরিয়ার সামরিক গবেষণাগারে ইসরায়েলি বিমান হামলার পর ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দেয় ইরান ও রাশিয়া।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের এ ধরনের হামলা নিন্দনীয়। এ হামলা মেনে নেয়া যায় না।ওদিকে, ইরানও এ হামলার নিন্দা জানিয়ে বলে এ ঘটনা তেল আবিবের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।সিরিয়াও ইসরায়েলের এ হামলার বিস্ময়কর পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দেয়।