২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে বসতিস্থাপন বন্ধ করতে হবে: জাতিসংঘ

ইসরায়েলকে ইহুদি বসতি সম্প্রসারণ বন্ধ করার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বসতি থেকে ইহুদিদের সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা।ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, বলেন তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jan 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

অধিকৃত অঞ্চলে ইসরায়েলের ইহুদ বসতিস্থাপন কর্মসূচি আন্তজার্তিক আইনের লঙ্ঘন এবং এতে ফিলিস্তিনিদের মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে বলে অবিলম্বে বসতিস্থাপন বন্ধ করা এবং পশ্চিম তীরের বসতি থেকে ইহুদিদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তদলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪র্থ জেনেভা কনভেনশনের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, ইসরায়েলকে কোনোরকম পূর্বশর্ত ছাড়াই সবরকমের বসতিস্থাপন কর্মসূচি বন্ধ করতে হবে।একইসঙ্গে তাদেরকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে অবিলম্বে বসতি গেড়ে বসা ইসরায়েলিদের সরিয়ে নিতে হবে।

১৯৪৯ সালের ওই জেনেভা কনভেনশনে অধিকৃত অঞ্চলে বেসামরিক নাগরিক পাঠানো নিষিদ্ধ করা হয়েছিল।ফলে ইসরায়েল সেখানে ইহুদি বসতি গড়ে এ আইন লঙ্ঘন করছে।এ তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এবং আন্তর্জাতিক অপরাধ আদালেতে(আইসিসি)এর বিচারও হতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে।

এতে আরো বলা হয়, নতুন করে বসতি স্থাপনের ফলে সেখান থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেয়া হয়েছে, তাদের ফসল ও সম্পদ ধ্বংস করা হয়েছে, পরিস্থিতি সহিংসতার দিকে গড়িয়েছে।

জাতিসংঘের তদন্ত দলকে ইসরাইল সহযোগিতা করেনি বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়।

ইসরায়েল এ প্রতিবেদনের সমালোচনা করে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে একপেশে বলে মন্তব্য করেছে।বসতিস্থপনকে ইসরাইলের কেন্দ্রীয় নীতির অংশ বলে দাবি করেছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, বসতি সমস্যাসহ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার বিবদমান বিষয়গুলোর সমাধানের একমাত্র উপায় হচ্ছে কোনো রকম পূর্ব শর্ত ছাড়া দুই পক্ষের সরাসরি আলোচনা।

পূর্ব জেরুজালেমের ২৫০টি পৃথক স্থানে প্রায় পাঁচ লাখ ২০ হাজার ইহুদি বসতিস্থাপন করা হয়েছে। এর কিছু কিছু হয়েছে সরকারের অনুমোদন ছাড়াই।

গত কয়েক দশকে ইসরাইলের অন্যান্য অংশের তুলনায় অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে বেশির ভাগ বসতি স্থাপন হয়েছে। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনকালেই এধরনের বসতি স্থাপন হয়েছে বেশি।