২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি জোরদার করবে ইরান

বিশ্বের শক্তিধর দেশগুলোর আপত্তি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য আরো অাধুনিক যন্ত্র সেন্ট্রিফিউজ ব্যবহারের পরিকল্পনা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা(আইএইএ)কে চিঠি দিয়ে জানিয়েছে ইরান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jan 2013, 01:29 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

২৩ জানুয়ারি আইএইএ’কে পাঠানো ওই চিঠিতে ইরান বলেছে, নাতাঞ্জ শহরের কাছে প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় তারা নতুন আধুনিক ওই সমস্ত সেন্ট্রিফিউজ কাজে লাগাবে।
কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে একথা বলা হয়েছে।

এর ফলে ইরান আরো দ্রুত হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় নিয়ে আরো উদ্বিগ্ন হয়ে উঠবে পশ্চিমা বিশ্ব।

ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসলেও যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর ধারণা এর আড়ালে তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।

আইএইএ কে দেয়া চিঠিতে ইরান ‘আইআর-২এম’ মডেলের সেন্ট্রিফিউজ ব্যবহারের কথা উল্লেখ করেছে।এ মডেলের সেন্ট্রিফিউজে তেহরানে বর্তমানে পরমাণু জ্বালানি তৈরির জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলোর চেয়ে ২/৩ গুণ বেশি দ্রুতহারে ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব।


তবে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইরান কতগুলো নতুন সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা করেছে তা স্পষ্ট জানা যায়নি।ওই কেন্দ্রে হাজার হাজার সেন্ট্রিফিউজ বসানোর ব্যবস্থা আছে।তবে বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ইরান বেশিসংখ্যক অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ পাবে না।


সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে ব্যবহার হতে পারে, যেমনটি ইরান দাবি করে আসছে। আবার ইউরেনিয়াম বেশি সমৃদ্ধ হলে তা পরমাণু অস্ত্র তৈরিতেও ব্যবহার হতে পারে; যা ইরানের আসল উদ্দেশ্য বলে আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো।


পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আগামীতে কখন এবং কোথায় আলোচনায় বসা হবে তা নিয়ে তেহরান এবং ছয়বিশ্বশক্তির মধ্যে দরকষাকষি চলার মধ্যে ইরান পরমাণু জ্বালানি কর্মসূচি জোরদারের এ ঘোষণা দিল।এতে করে বিরোধ নিষ্পত্তির কূটনৈতিক প্রচেষ্টায় জটিলতা বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।