সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন রাশিয়া
সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করে রাশিয়া বলেছে, এ ধরনের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন; এটি মেনে নেয়া যায় না।
সিরিয়ার সেনাবাহিনীর ভাষ্য, বুধবার দামেস্কের উত্তর-পশ্চিমের সামরিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমান।
কিন্তু সীমান্তে লেবাননগামী অস্ত্রভর্তি কোনো ট্রাকে ইসরায়েলি হামলা হওয়ার কথা সিরিয়ার সেনাবাহিনী অস্বীকার করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের জঙ্গি বিমান সিরিয়ার জামরায়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে সরাসরি হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হওয়াসহ ৫ জন আহত হয়েছে।
এর পরপরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “এ খবর সত্য হলে তা হবে কোনো উস্কানি ছাড়াই একটি সার্বভৌম দেশের ভূখন্ডে ওপর কোনো লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা যা জাতিসংঘ সনদের সুষ্পষ্ট লঙ্ঘন। এ হামলার উদ্দেশ্য যাই হোক না কেন কোনো যুক্তিই ধোপে টিকবে না এবং তা কোনোভাবেই মেনে নেয়া যাবে না।”
বাণিজ্য ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী সম্পর্কের সুবাদে সম্প্রতি ইসরায়েল-রাশিয়া সম্পর্কোন্নয়ন ঘটতে থাকলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্রদেশ হওয়ার কারণে মস্কো সেখানে ইসরায়েলি হামলায় এ উদ্বেগ প্রকাশ করল।
বুধবার এক পশ্চিমা কূটনীতিক জানান, সীমান্ত অঞ্চলে সিরিয়া থেকে লেবাননগামী অস্ত্রবাহী একটি ট্রাক লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সিরিয়ার বিদ্রোহীরাও জানায়, ইসরায়েলি বিমান হামলায় সীমান্তপারের প্রধান দামেস্ক-বৈরুত মহাসড়কের ৫ কিলোমিটার দক্ষিণে পার্বত্য এলাকায় একটি গাড়িবহরে বিস্ফোরণ ঘটে।ওই বহরে খুব সম্ভবত উচ্চপ্রযুক্তির বিমান-বিধ্বংসী এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের কাছে পৌঁছে দেয়ার জন্য।
হামলাটি সিরিয়ার অংশে হওয়ার কথা জানান ওই অঞ্চলের স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা। লেবানিজ এক নিরাপত্তা কর্মকর্তাও লবাননে কোনো হামলা হওয়ার কথা অস্বীকার করেন।
তবে লেবাননের আকাশসীমায় ইসরায়েলি জঙ্গিবিমানের আনাগোনা বেড়েছে বলে জানায় লেবাননের সেনাবাহিনী।ইসরায়েল সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
সিরিয়ায় গোলযোগের সুযোগ নিয়ে সেখানকার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে হিজবুল্লাহদের হুঁশিয়ার করার পরপরই ইসরায়েল বুধবার ওই হামলা চালায়।
বিভিন্ন সূত্রে হামলার খবর পাওয়া গেলেও হামলার ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
সিরিয়ার উন্নত প্রযুক্তির বিমান বিধ্বংসী কামান ও ট্যাংক বিধ্বংসি মিসাইল ইসরাইলের শত্রু লেবাননের হিজবুল্লাহ’র হাতে পৌঁছে যেতে পারে বলে ইসরাইল বার বারই সতর্ক করে আসছে।
