২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে বানর পাঠিয়েছে ইরান

মহাকাশে সফলভাবে জ্যান্ত বানর পাঠানোর মধ্য দিয়ে ইরান ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচিতে তাদের অগ্রযাত্রা জাহির করছে এবং পশ্চিমা ও ইসরায়েলের জন্য এ এক সতর্কবার্তা বলেই মনে করা হচ্ছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jan 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

ইরান মহাকাশে সফলভাবে একটি জ্যান্ত বানর পাঠিয়েছে।পশ্চিমা ও ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচিতে অগ্রগামিতা দেখাতেই ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে ইরনা বার্তা সংস্থা জানিয়েছে, কাভোশগার রকেটে করে বানরটিকে মহাকাশে পাঠানো হয়েছে।রকেটটি মহাকাশের ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উচ্চতায় পৌঁছার পর আবার অক্ষতভাবে ফিরে আসে।

ইরানের রাষ্ট্রপরিচালিত ইংরেজি ভাষার প্রেস টিভি বানরটি জীবন্ত ফিরে আসার খবর জানায়।

টিভিতে বেঁধে রাখা একটি বানরকে রকেটেও নিতে দেখা যায় বলে জানিয়েছে বিবিসি।তবে রয়টার্স জানায়, ইরানের এ দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

এর আগে ২০১১ সালে মহাকাশে বানর পাঠানোর পরিকল্পনা ঘোষণা করে ইরান।তবে সে চেষ্টা ব্যর্থ হয়।

ইরানের মহাকাশ কর্মসূচি দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য পরিচালিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো।এ ধরনের ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতে পারে বলে তাদের আশঙ্কা।

তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।