মিশরে সংলাপ আহ্বান, বিরোধীদের ‘না’
মিশরের ৪ দিনের সহিংসতার পর জারি হওয়া জরুরি অবস্থার মধ্যে নেতৃস্থানীয় বিরোধীদেরকে ‘জাতীয় সংলাপে’র বৈঠকে ডেকেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।কিন্তু তার এ আহ্বান প্রত্যাখ্যান করেছে মিশরের প্রধান বিরোধী জোট ‘দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’।
মুরসির প্রস্তাব বাস্তবসম্মত নয় জানিয়ে জোটের সদস্যরা বলেছে, কয়েকদফা শর্ত পূরণ হলেই কেবল তারা ভবিষ্যতে কোনো সংলাপে যোগ দিতে পারে।
ইসলামপন্থি, উদারপন্থি এবং বামপন্থি মিলিয়ে ১১ টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করার আমন্ত্রণ জানান মুরসি। দেশে ক্রমেই ছড়িয়ে পড়া অস্থিরতার মধ্যে রাজনৈতিক সংলাপ জাতীয় ঐক্য ফেরাবে এ আশা নিয়ে তিনি এ সংলাপ আহ্বান করেন।
কিন্তু বিরোধীদলীয় রাজনীতিবিদদের এক বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের নেতৃস্থানীয় সদস্য মোহাম্মদ এল বারাদি বলেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সোমবার যে আলোচনা আহ্বান করেছেন তা লোকদেখানো; এতে কোনো বস্তুনিষ্ঠতা নেই।
মিশরে সর্বসম্প্রতি গৃহীত সংবিধানের ব্যাপারে দাবি-দাওয়া প্রেসিডেন্টকে মানতে হবে বলে জানিয়ে আসছে বিরোধীরা।তাছাড়া, মুরসিকে দেশে রক্তক্ষয়ের দায়ও নিতে হবে বলে দাবি করেছে প্রধান বিরোধী জোট।
রোববার পোর্ট সৈয়দে গুলিতে ৭ জনের মৃত্যু হওয়ার পর মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মুরসি পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া এবং সুয়েজে রাত্রিকালীন জরুরি অবস্থা জারি করেন।
সোমবার এ জরুরি অবস্থার মধ্যেই তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।গুলিতে এক পথচারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে গুলিটা কোথা থেকে হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।
মিশরে হোসনি মুবারকের পতনের দু’বছর পূর্তিতে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরদিন বিভিন্ন স্থানে সহিংসতা চলে।
গত বছর মিশরে ফুটবল স্টেডিয়ামে সহিংসতায় সঙ্গে জড়িত থাকার অপরাধে গত শনিবার ২১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলে নতুন করে সহিংসতা শুরু হয়। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত দেশটিতে ৪৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।
মুরসিবিরোধীরা সোমবার দেশজুড়ে আরো ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। বর্তমান এ পরিস্থিতিতে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন মুরসি।
রোববার পোর্ট সৈয়দের বিক্ষোভকারীরা শনিবার যারা নিহত হয়েছে তাদের লাশ নিয়ে মিছিল করে। তারা মুবারকের পতন হোক, সরকারের পতন হোক, তারা আমাদের হত্যা করেছে, তারা আমাদের নির্যাতন করেছে বলে রাজপথে স্লোগান দেয়।
মুরসির জরুরি অবস্থা জারির পর ওই তিন শহরের শত শত মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ জানায়। তারা জরুরি অাইন অমান্য করারও ঘোষণা দেয়।
রোববার দেশটির পোর্ট সৈয়দে নিহত ৩৩ প্রতিবাদকারীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সময় গুলিতে আরো ৭ জন নিহত হয়েছে।
এরআগে শুক্রবার কায়রোর তাহরির চত্বরে প্রেসিডেন্ট মুরসির বিরোধী কয়েক হাজার লোক জড়ো হয়। এই একই চত্বর থেকে দুই বছর আগে ২৫ জানুয়ারি মুবারকবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল।
দিবসটি উপলক্ষে মিশরজুড়ে সরকার বিরোধী ওই বিক্ষোভ-সহিংসতায় ৯ জন নিহত হয়েছিল।
তাহরির চত্বরে সমবেত জনতা মুবারকবিরোধী বিপ্লবের চেতনা আবার ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন শুরু করতে চায়। তাদের অভিযোগ বিপ্লবের ওই চেতনাকে মুবারকবিরোধী আন্দোলনের অন্যতম শরিক মুসলিম ব্রাদারহুড ‘ছিনতাই’ করেছে।
এই মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘ফ্রিডম এন্ড জাস্টিস’ পার্টির প্রার্থী হিসেবেই মুরসি মুবারকহীন মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
দেশকে ইসলামিকরণের দিকে এগিয়ে নিয়ে মুরসি মিশরবাসীর ব্যক্তি ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করেছেন বলে অভিযোগ উদারপন্থী বিরোধীদলগুলোর।
