সরাসরি ভোটে প্রথম চেক প্রেসিডেন্ট জেম্যান
শুক্র ও শনিবারের দুইদিনব্যাপী দ্বিতীয় পর্বের ভোটে ৫৫ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী চেক রিপাবলিকের রক্ষণশীল পররাষ্ট্রমন্ত্রী ক্যারেল শোয়াজেনবার্গ পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।
১১-১২ জানুয়ারি প্রথম পর্বের ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই পর্বে নয় প্রার্থীর মধ্যে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ায়।
জেম্যান একজন সুরারসিক, অবিরাম ধূমপায়ী রাজনীতিক হিসেবে পরিচিতি পেলেও প্রেসিডেন্ট হিসেবে তাকেই বেছে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের জনতা।
দশবছর আগে আরেকবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন জেম্যান। কিন্তু নিজ দলের পার্লামেন্ট সদস্যরাই তখন তার পক্ষে ভোট দেননি। এতে অপমানিত জেম্যান রাজনীতি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন।
সেই স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরেই বাজি মাত করলেন সাবেক এই কমিউনিস্ট নেতা।
তবে প্রেসিডেন্ট হিসেবে তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হলেও সরকার প্রধান নন, সরকার প্রধান প্রধানমন্ত্রী।
১৯৯৮ সাল থেকে ২০০২ পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
