নিউইয়র্কের খালের দূষিত পানিতে ডলফিনের মৃত্যু
নিউইয়র্কের একটি খালের দূষিত পানিতে বাঁচার জন্য প্রাণপণ লড়াইরত একটি ডলফিন মারা গেছে।
শুক্রবার ব্রুকলিনের গোয়ানুস খালের দূষিত পানিতে দলছুট ডিলফিনটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডলফিনটি খালের দূষিত কাদাপানি থেকে বের হওয়ার চেষ্টা করছিল।
জীববিজ্ঞানীরাও ডলফিনটির সংগ্রাম লক্ষ্য করছিলেন। তাদের ধারণা ছিল, জোয়ারের সময় ডলফিনটি খাল থেকে বেড়িয়ে যেতে পারবে। কিন্তু তার আগেই ডলফিনটির মৃত্যু হয়।
লং আইল্যান্ড অ্যাকুরিয়ামের সমুদ্র গবেষণা ও সংরক্ষণ বিভাগের উদ্ধার কর্মসূচীর তত্ত্বাবধায়ক জুলিকা ওসিয়াল বলেন, “কোনো ধরনের উদ্ধার তৎপরতা বা এ ধরনের কোনো কিছু খুব পরিকল্পিতভাবে করা দরকার, কারণ অনেক সময়ই এ ধরণের উদ্যোগ প্রাণীটির উপকারের বদলে ক্ষতি ডেকে আনে।”
ডলফিনটির মৃত্যু কারণ বের করতে ময়নাতদন্ত করা হবে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
