ডেভিড হ্যাডলির উপযুক্ত সাজা হয়নি: ভারত
২০০৮ সালের মুম্বাই হামলার পরিকল্পনাকারী মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হ্যাডলির ৩৫ বছরের কারাদণ্ডে হতাশ ভারত।তার আরো কঠোর সাজা হওয়া উচিত ছিল বলেই মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে মুম্বাই হামলায় বিভিন্নভাবে সাহায্য করার অভিযোগে মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হ্যাডলিকে দেয়া ৩৫ বছরের সাজা যথেষ্ট নয় বলে শুক্রবার অভিযোগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ।
তিনি বলেন, অপরাধের তুলনায় তার উপযুক্ত সাজা হয়নি। শাস্তি আরো কঠোর হওয়া উচিত ছিল।নয়াদিল্লি এখনো হ্যাডলির প্রত্যর্পণ চায়।
৫২ বছর বয়সী ডেভিড হ্যাডলি ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য নিশানা সম্পর্কে তথ্য সংগ্রহের কথা স্বীকার করেন।
ওই জঙ্গি হামলায় অন্তত ১৬৬ জন নিহত হয়। হামলার মূল পরিকল্পনায় অংশগ্রহণসহ মোট ১২টি অভিযোগে হ্যাডলিকে ওই সাজা দেয়া হয়েছে।
হ্যাডলি প্রাণদণ্ড এড়ানোর জন্য বৃহস্পতিবার শিকাগোতে তার দণ্ড নির্ধারণে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করেন।
