বিতর্কিত দ্বীপ: চীনের দাবি খতিয়ে দেখবে জাতিসংঘ
পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীনা দাবির বৈজ্ঞানিক ভিত্তি চলতি বছরের মাঝামাঝি সময়ে যাচাই করে দেখার পরিকল্পনা করছে জাতিসংঘ। জাপানের দখলে থাকা দ্বীপগুলোকে নিজের প্রাকৃতিক সীমার অংশ বলে দাবি করেছে চীন।
সমুদ্রসীমা সংক্রান্ত জাতিসংঘ কমিশনে এ সংক্রান্ত দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ তুলে ধরেছে চীন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্যসূচিতে চীনা দাবিটি স্থান পাবে।
তবে এর প্রতিক্রিয়ায় জাপান বলেছে, এই বিতর্কে বিশ্ব সংস্থাটির জড়িয়ে পড়া ঠিক হবে না।
পেশকৃত দাবিতে চীন বলেছে, পূর্ব চীন সাগরের মহাদেশীয় মহীসোপান চীনা ভূখণ্ডের একটি প্রলম্বিত অংশ, আর বিতর্কিত দ্বীপগুলো ওই অংশেই অবস্থিত।
সমৃদ্ধ মৎস্যক্ষেত্রের পাশের এই জনহীন দ্বীপগুলোতে ব্যাপক তেল ও গ্যাস সঞ্চিত আছে বলে ধারণা করা হয়। গত সেপ্টেম্বরে জাপান সরকার এই দ্বীপগুলো জাতীয়করণ করলে চীনে সহিংস জাপান বিরোধী বিক্ষোভের ঢেউ বয়ে যায় এবং দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়।
তবে সম্প্রতি এ বিরোধ নিষ্পত্তিতে আলোচনায় উদ্যোগী হয়েছে চীন-জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দূত বেইজিং এ চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দু’পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্বের ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিতর্কিত দ্বীপগুলো চীনে দিয়াউ ও জাপানে সেনকাকু নামে পরিচিত। তাইওয়ানও এই দ্বীপগুলোর মালিকানা দাবি করেছে।
এই বিতর্কে জাতিসংঘ নাক গলালে তা দেশদুটির মধ্যে বিরোধ বাড়াবে নাকি শান্তিপূর্ণভাবে বিতর্কের সমাধান করবে তা এখনই বলা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে এ বিষয়ে নিরপেক্ষ বৈজ্ঞানিক মতামত পাওয়া যাবে, যা চীন ও জাপানের উত্তেজনা হ্রাসে ভূমিকা রাখতে পারে।
জাতিসংঘের সনদ অনুযায়ী, মহাদেশীয় মহীসোপানকে নিজ ভূখণ্ডের প্রলম্বিত প্রাকৃতিক অংশ হিসেবে প্রমাণ করতে পারলে একটি দেশ সাগরের দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বিস্তৃতি ঘটাতে পারবে।
তবে জাতিসংঘের ওই কমিশন শুধু দাবির বৈজ্ঞানিক যৌক্তিকতাই নির্ধারণ করতে পারে, বিরোধ মেটানোর কোনো ক্ষমতা কমিশনের নেই। বিরোধ মিটানোর বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোর ওপরই নির্ভর করে।
