মুবারকবিরোধী আন্দোলনের দ্বিতীয়বর্ষপূর্তিতে বিক্ষোভ
দেশের নুতন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট মোহামেদ মুরসি ও তার ইসলামী মিত্রদের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে সাবেক একনায়ক হোসনি মুবারকের পতনের বর্ষপূর্তি উদযাপন করার জন্য কায়রোর তাহরির চত্বরে সমবেত হচ্ছে মিশরের বিরোধী দলগুলো।
মিশরের একনায়ক মুবারকবিরোধী আন্দোলন শুরুর দ্বিতীয়বর্ষপূতিতে দেশটির ধর্মনিরপেক্ষ দলগুলো ওই আন্দোলনের দাবিগুলো আবার সামনে নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
ওই আন্দোলনের অন্যতম সহযোগী সংগঠন ইসলামপন্থি মুসলিম ব্রাদারহুড আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ এই বিরোধীদলগুলোর।
২০১১ সালের এই দিনেই (২৫ জানুয়ারি) স্বৈরাচারী শাসক মুবারককে ক্ষমতা থেকে হটাতে আন্দোলনে নামে মিশরের জনতা। মাত্র ১৮ দিনের গণআন্দোলনে ১১ ফেব্রুয়ারি পতন ঘটে দোর্দণ্ড প্রতাপশালী শাসক প্রেসিডেন্ট হোসনি মুবfরকের।
বর্তমান প্রেসিডেন্ট মুরসি মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এক বিবৃতিতে শীর্ষস্থানীয় উদারপন্থী নেতা মোহামেদ এলবারাদি ‘বিপ্লব সম্পূর্ণ করার জন্য’ সবাইকে সবাইকে বিক্ষোভে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “মিশরের সব জায়গায় গিয়ে বিপ্লব সম্পূর্ণ করতে হবে বলে প্রচারণা চালান।”
সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে মুবারকবিরোধী আন্দোলন ছড়িয়ে দেওয়া ‘এপ্রিল ৬’ আন্দোলনের উদ্যোক্তা আহমেদ মাহের বলেছেন, “এই আন্দোলনটি হতে হবে ব্রাদারহুডবিরোধী। মুবারকবিরোধী বিপ্লবের উদ্দেশ্য অধরাই থেকে গেছে।”
দিবসটিকে কেন্দ্র করে মিশরের ইসলামপন্থিদের সঙ্গে বিরোধী উদারপন্থিদের বিভক্তি আবারও সামনে চলে এসেছে।
তবে দিবসটি উপলক্ষ্যে রাজপথে কোনো কর্মসূচী দেওয়া থেকে বিরত রয়েছে মুসলিম ব্রাদারহুড। এতে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা হ্রাস পেয়েছে।
দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রেসিডেন্ট মুরসি মিশরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।
