কমল হাসানের ‘বিশ্বরূপম’ তামিলনাড়ুতে নিষিদ্ধ
ভারতীয় অভিনেতা-পরিচালক কমল হাসানের নতুন চলচ্চিত্র ‘বিশ্বরূপম’ এর প্রদর্শনী নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে সরকারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
তামিলনাড়ু সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, এই চলচ্চিত্রটি যেন কোনো প্রেক্ষাগৃহ আগাম বুকিং দিতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
কমল হাসানের এ যাবৎ সবচেয়ে ব্যয়বহুল ৯৫ কোটি রূপির চলচ্চিত্র ‘বিশ্বরূপম’ শুক্রবার শুধু তামিলনাড়ুতেই প্রায় ৫শ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু সরকারের এই নির্দেশনার ফলে তা হুমকির মুখে পড়ে গেল।
সম্প্রতি একটি বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটি দেখার পর কিছু মুসলিম সংগঠন আশঙ্কা প্রকাশ করে জানান, এটি ধর্মীয় সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর এরপরই প্রাদেশিক সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
কিন্তু চলচ্চিত্রটিতে মুসলিমদের বিরুদ্ধে কোনোকিছু দেখানো হয়নি বলে আবারো দাবি করেছেন কমল হাসান।
তিনি এনডিটিভিকে বলেন, ‘প্রকৃত বাস্তবতা হচ্ছে, এই চলচ্চিত্র দেখার পর মুসলিমরা এটি ভালবাসবে।’
‘বিশ্বরূপম’ ছবিতে কমল হাসানের বিপরীতে রয়েছেন শত্রুঘ্ন তনয়া সোনাক্ষী সিনহা।
