নাইজেরিয়ায় সন্দেভাজন জঙ্গি হামলায় নিহত ২৩
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে পৃথক বন্দুক হামলায় অন্ততপক্ষে ২৩ জনের নিহত হওয়ার ঘটনায় দেশটির ইসলামি জঙ্গি সংগঠন বোকো হামরাকে সন্দেহ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার দাম্বোয়ায় বন্দুকধারীরা গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে।
মঙ্গলবার কানোয় একদল পুরুষ জুয়া খেলায়রত অবস্থায় হামলার শিকার হয়। এতে পাঁচজনের মৃত্যু হয়।
ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে। সংগঠনটি নাইজেরিয়ায় অনেক হামলার সঙ্গে জড়িত।
২০১০ সাল থেকে নাইজেরিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে অন্ততপক্ষে ১৪শ’ মানুষকে হত্যা করেছে বোকো হারাম । শুধু ২০১২ সালেই ৬শ’রও বেশি মানুষকে হত্যা করেছে এই জঙ্গি সংগঠনটি ।
সোমবার একদল অস্ত্রধারী বরনো প্রদেশের দাম্বোয়ার একটি বাজারে পশুশিকারীদের ওপর হামলা চালায়। এই পশুশিকারীরা বানর, শুকর প্রভৃতি পশু শিকার করে সেগুলোর মাংস বিক্রি করার পেশায় নিয়োজিত বলে স্থানীয় সরকারি কর্মকর্তা আব্বা আহমেদ জানিয়েছেন।
মুসলিমদের মধ্যে এসব বন্যপ্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ।
ওই কর্মকর্তা বলেন, “সন্দেহভাজন বোকো হারামের বন্দুকধারীরা শহরের বাজারে আসে এবং গুলি চালিয়ে স্থানীয় ১৩ জন শিকারীকে ঘটনাস্থলেই হত্যা করে। বাকি ৫জন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে মারা যায়।”
বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়া। সেখানে বোকো হারমের শক্তিশালী অবস্থানে রয়েছে। এই শহরেই ২০০২ সালে বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।
পৃথক হামলাটি চালানো হয় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রধান শহর কানোয়। শহরটি দাম্বোয়ার ৩১০ মাইল পশ্চিমে অবস্থিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একদল অস্ত্রধারী মটরসাইকেলে করে জুয়া খেলায়রত একদল মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ৫ জন নিহত হয়।
জুয়া খেলা ইসলামি আইনে কঠোরভাবে নিষিদ্ধ।
