২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে নেতানিয়াহুর জোটের জয়

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট অল্প ব্যবধানে জয়ী হতে চলেছেন। এর ফলে নেতানিয়াহু তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 04:33 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে ইসরায়েলজুড়ে ১০ হাজর ১৩১টি ভোট কেন্দ্রে ভোট দিয়েছে জনগণ।

নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ-বেইতেনু ডানপন্থী জোট ৩১টি আসনে বিজয়ী হতে যাচ্ছে বলে ভোট দিয়ে বের হয়ে আসা ভোটারদের ওপর চালানো জরিপ থেকে আভাস পাওয়া গেছে।

তবে প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জয়ী ডানপন্থীরা হতাশ হয়েছে। এবারের নির্বাচনে তারা ১১টি আসন হারিয়েছেন।

চমক সৃষ্টি করেছে মধ্যপন্থী ইয়েশ এতিদ (আগামীর দল) পার্টি । ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) ১৮ বা ১৯টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থান দখল করেছে তারা।

দলটি তৃতীয় অবস্থান দখল করতে পারে বলে নির্বাচনী জরিপে আভাস দেওয়া হয়েছিল।

১৭ টি আসনে বিজয়ী হতে চলা লেবার পার্টির আছে তৃতীয় অবস্থানে।

কারা ইসরায়েলের সরকার গঠণ করতে যাচ্ছে তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না বিশ্লেষকরা। তাদের কারো কারো ধারণা বিজয়ী হওয়ার পরও নেতানিয়াহুর জোটকে বিরোধী আসনে বসতেও হতে পারে, এমন সম্ভবনাও আছে।

পরবর্তী সরকার গঠণ নিয়ে আগামী কয়েক সপ্তাহে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গণে ‘খেলা’ জমে উঠতে পারে বলে আভাস দিয়েছেন তারা।

নির্বাচনে মোট ৩২টি দল অংশ নিয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্বশীলতার ভিত্তিতে ইসরায়েল নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। আসন ধরে রাখতে দলগুলোকে অন্তত ২ শতাংশ ভোট পেতে হয়।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল বুধবার জানা যাবে বলে আশা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ফলাফল আগামী ৩০ জানুয়ারি প্রকাশ করা হবে।

নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হলে ইসরায়েল আরো ডানপন্থার দিকে ঝুঁকে পড়াসহ ফিলিস্তিনের সঙ্গে শান্তির পথ থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে।

কারণ ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় দখল করা ফিলিস্তিনি এলাকায় ইহুদি বসতি স্থাপন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু।

তিনি ক্ষমতায় থেকে গেলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিরোধ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া বিশেষত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইতোমধ্যেই নেতানিয়াহুর উত্তেজনাকর সম্পর্ক আরো অবনতির দিকে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।