২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি কি প্রধানমন্ত্রীকে মারব?’

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিরূপ মন্তব্য করে আবারো তুমুল সমালোচনায় পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 06:32 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি জানিয়ে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক জনসভায় কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করন তিনি।

মমতা বলেন, “আমি রাজস্ব পাই ২১ হাজার কোটি টাকা। ওরা (কেন্দ্র) আমাদের থেকে ২৬ হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে। আমরা কী করে চালাব? কিন্তু আমাদেরও বুদ্ধি আছে। আমরা এই আর্থিক বছরে ১০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছি।”

“আমি এ সব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কম করে দশ বার বলেছি। এর থেকে বেশি তো কিছু করতে পারি না। আমি কি মারব গিয়ে? মারলেই তো লোকে গুণ্ডা বলবে। এমনিতেই তো ওরা (কেন্দ্র) আমাকে গুণ্ডা বলে।”

কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে তার নায্য অধিকার দিচ্ছে না বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমি বলছি, আমাদের আলাদা আর্থিক সাহায্য দিতে হবে না। সব রাজ্যকে কেন্দ্র যা দিচ্ছে, আমাদেরও তাই দেয়া হোক। কিন্তু তা হচ্ছে না।”

ডিজেলের মূল্যবৃদ্ধি ও খুচরো ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়ে মনমোহন নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে বলেও সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যে কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

কংগ্রেস নেতা ও রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেছেন, “যার পঞ্চায়েত প্রধান হওয়ার ক্ষমতা নেই, আমাদের দুর্ভাগ্য যে, তিনিই এই রাজ্যের মুখ্যমন্ত্রী।”

এই বক্তব্যের জন্য মমতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন কংগ্রেসের আরেক নেতা মানস ভূঁইয়া।

“কেন্দ্রের কাছে রাজ্যের দাবি থাকতেই পারে। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্য অপসংস্কৃতির পর্যায়ে পড়ে। আশা করি তিনি ভুল বুঝবেন ও প্রকাশ্যে ক্ষমা চাইবেন,” বলেন তিনি।

অবশ্য মমতার বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

কংগ্রেসের সঙ্গে জোট করে বামফ্রন্টের টানা ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সঙ্গে মতবিরোধের জেরে গত বছরই সম্পর্ক ছিন্ন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।