আলজেরিয়ায় জিম্মি ঘটনার রক্তাক্ত সমাপ্তি
আলজেরিয়ার মরুভূমিতে গ্যাসক্ষেত্রে জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর চূড়ান্ত অভিযানে শনিবার আরো ১১ জঙ্গি নিহত হয়েছে। এদিন জঙ্গিদের হাতে নিহত হয়েছে আরো সাত বিদেশি নাগরিক।
গ্যাসক্ষেত্রে সেনা অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এটা এখন শেষ। অভিযানও শেষ হয়েছে এবং সেনারা গ্যাসক্ষেত্রের ভিতরে স্থাপিত মাইনগুলো নিষ্ক্রিয় করছে।”
আলজেরিয়ার রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি সোনাট্র্যাচের পক্ষ থেকে বলা হয়েছে যে, জঙ্গিরা গ্যাসক্ষেত্রে আক্রমণ চালিয়ে অনেককে জিম্মি করে এবং ওই কমপ্লেক্সে বিস্ফোরক রাখে।
বুধবার আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আলজেরিয়ার আমেনাসের নিকটবর্তী সাহারা মরুভূমিতে একটি গ্যাসক্ষেত্র দখল করে প্রায় সাড়ে ছয়শ’ মানুষকে জিম্মি করে, যাদের মধ্যে শতাধিক বিদেশি নাগরিক ছিলেন।
পরদিন বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। তখন ওই গ্যাস ক্ষেত্র থেকে ৫৭৩ জন আলজেরীয় এবং একশ’ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয় বলে আলজেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস জানায়।
তখনো বেশ কয়েকজন জিম্মি ও বন্দুকধারী নিহত হয়। শনিবার চূড়ান্ত সেনা অভিযানে নতুন করে আবার হতাহতের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ঠিক কতো জন নিহত হয়েছেন সে সংখ্যা এখনো স্পষ্ট হয়নি।
সকালে ওই গ্যাসক্ষেত্র থেকে দগ্ধ ১৫টি মৃতদেহ উদ্ধার করে আলজেরিয়ার বিশেষ বাহিনীর সদস্যরা। তাদের কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহগুলো সনাক্ত করার চেষ্টা চলছে।
শনিবারের অভিযানে গ্যাসক্ষেত্র থেকে ১৬ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। তাদের মধ্যে দুই জন আমেরিকান, দুই জন জার্মান ও একজন পর্তুগিজ রয়েছে।
যুক্তরাজ্য বলেছে, তাদের ১০ জনের মতো নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন, যারা ওই গ্যাসক্ষেত্রে ছিলেন।
চূড়ান্ত অভিযানের আগে এ ঘটনায় মোট কতো জন জিম্মি নিহত হয়েছেন তা নিয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে নিহত জিম্মির সংখ্যা ১২ থেকে ৩০ জনের মধ্যে ছিল বলে তাদের বক্তব্যে জানা গেছে।
আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, এ ঘটনায় শুক্রবার পর্যন্ত অন্তত সাত পশ্চিমা নাগরিকসহ ৩০ জন জিম্মি নিহত হন। নিহত বিদেশিদের মধ্যে দুই জন জাপানি, দুই জন ব্রিটিশ ও একজন ফরাসি ছিলেন। বন্দুকধারীরা বুধবার যখন এসব মানুষকে জিম্মি করে তখনই এক ব্রিটিশ নাগরিক নিহত হয়েছিলেন।
শুক্রবার পর্যন্ত অন্তত ১৮ জন জিম্মিকারী নিহত হয়েছিলেন বলেও তিনি জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানায়, এ ঘটনায় ফ্রেডেরিক বুটাসিও নামের তাদের এক নাগরিক নিহত হয়েছেন।
চূড়ান্ত অভিযানের আগ পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের মধ্যে ১০ জন জাপানি, আট জন নরওয়েজিয়ান ও কয়েকজন ব্রিটিশ নাগরিক ছিলেন।
এই জিম্মির ঘটনা কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে আলোচিত জিম্মির ঘটনায় পরিণত হয়। এর মাধ্যমে সাহারা মরুভূমির জঙ্গিরাও আলোচনার ইস্যুতে পরিণত হয়েছে।
মালির ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সেনাবাহিনীর হস্তক্ষেপের পাল্টা জবাব হিসেবে গ্যাসক্ষেত্রটি দখল করে এর কর্মীদের জিম্মি করা হয় বলে ওই জঙ্গিদের পক্ষ থেকে বলা হয়।
