২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৮৭ ড্রিমলাইনার সরবরাহ স্থগিত করেছে বোয়িং

বোয়িং তাদের নতুন ৭৮৭ ড্রিমলাইনার বিমান সরবরাহ স্থগিত করেছে। ব্যাটারি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আর এই মডেলের বিমান সরবরাহ করা হবে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 08:04 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এক ইমেইল বার্তায় যুক্তরাষ্ট্রভিত্তিক এই বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বিমান নির্মাণ অব্যাহত রাখবে কিন্তু যুক্তরাষ্ট্রের বিমান উড্ডয়ন নিরাপত্তা বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা কোনো বিমান সরবরাহ করবে না।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারগুলোতে ক্রমাগত যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান পরিচালনা সংস্থা তাদের বিমান বহর থেকে ওই বিমান প্রত্যাহার করে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিতে বাধ্য হল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান উড্ডয়ন প্রশাসন (এফএএ) ড্রিমলাইনারের সমস্যা সংক্রান্ত তদন্তে যোগ দিয়েছে বলে জানা গেছে।

বোয়িং-এর সরবরাহকৃত নতুন মডেলের ৫০টি ৭৮৭ ড্রিমলাইনার বিমানের উড্ডয়নই স্থগিত করা হয়েছে।

ইমেইলবার্তায় বোয়িং জানিয়েছে, “আমরা ৭৮৭ আর সরবরাহ করবো না, যতদিন না এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন)তা অনুমোদন না করবে। সম্প্রতি আমাদের সরবরাহ করা এই মডেলের বিমানে ব্যাটারি বিষয়ক যেসব সমস্যার কথা উল্লেখ করা হয়েছে তা তদন্ত করে দেখে সমাধান করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী রে লেহুদ এরআগে বলেছিলেন, নিরাপত্তার বিষয়ে ১০০০ শতাংশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ড্রিমলাইনার আর আকাশে উড়বে না।

১৯৭৯ সালের পর সাম্প্রতিক সপ্তাগুলোতে একগাদা অভিযোগের মুখে বোয়িং-এর নতুন মডেলের ৭৮৭ ড্রিমলাইনার বিমানগুলোকে বিমান চলাচল বহর থেকে সরিয়ে নেয়া হল।

এরআগে, জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) তাদের বিমান বহর থেকে ১৭টি বোয়িং ৭৮৭ ’র সবগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) ইউএস এয়ারলাইন্সকেও সাময়িকভাবে বোয়িং ৭৮৭ বিমানগুলো ব্যবহার স্থগিতের নির্দেশ দেয়।

চিলি ও ভারতও তাদের বিমান পরিবহন সংস্থাগুলোতে থাকা বোয়িং-এর ড্রিমলাইনারগুলো প্রত্যাহার করে নিয়েছে।

তবে বোয়িং দাবি করেছে, ৭৮৭ ড্রিমলাইনারগুলোতে কোনো ত্রুটি নেই। কিন্তু একগাদা যান্ত্রিক ত্রুটির অভিযোগের ফলে বোয়িং ৭৮৭’র ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

সরবরাহ করার পর থেকেই বোয়িংয়ের ড্রিমলাইনার বিমানগুলোতে একটার পর একটা সমস্যা ধরা পড়ছেই। সর্বাধুনিক এই যাত্রীবাহী বিমানগুলো প্রধানত কার্বনের তৈরি। বিশ্বে এগুলোই প্রথম এ ধরনের বিমান।

সরবরাহের পর থেকেই বিমানগুলোর কোনটির জ্বালানি পথে ছিদ্র আবিষ্কৃত হয়, কোনটির ব্যাটারিতে আগুন ধরার ঘটনা ঘটে, বৈদ্যুতিক তারের সমস্যা ধরা পড়ে, কম্পিউটারে সমস্যা, ককপিটে ফাটল ইত্যাদি একের পর এক বিপত্তি ঘটছে।তবে ব্যাটারি সমস্যাই সবচেয়ে উদ্বেগের কারণ বলে জানা গেছে।