দিল্লি ধর্ষণ মামলা দ্রুত বিচার আদালতে
দিল্লিতে চলন্ত বাসে তরুণী ধর্ষণ ও হত্যা মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়েছে।
এ মামলার ছয় আসামির মধ্যে পাঁচ আসামির বিচার চলছে এবং ষষ্ঠ আসামির বযস ১৭ হওয়ায় আলাদাভাবে তার বিচার হবে কিশোর আদালতে।
বিচারে দোষী প্রমাণিত হলে ওই পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড হতে পারে।
গত ১৬ ডিসেম্বর প্যারামেডিকেলের ওই ছাত্রীকে ধর্ষণ ও তার ছেলে বন্ধুসহ তাকে মারধরের পর বাস থেকে ফেলে পিষে মারার চেষ্টা করে ওই আসামীরা।
ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ২৩ বছরের ওই তরুণী।
এ ধর্ষণকান্ডে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়ায় এটিসহ অন্যান্য ধর্ষণ মামলা দ্রুত বিচার আদালতে পরিচালনার প্রতিশ্রুতি দেয় ভারত সরকার।
এছাড়া ধর্ষণকারীদের বিরূদ্ধে পুলিশ প্রায়ই মামলা দায়ের করতে ব্যর্থ হয় অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের পুনর্গঠন দাবি করেছে বিক্ষোভকারীরা।
