আফগানিস্তানে বিস্ফোরণ, সংঘর্ষে নিহত ১১
আফগানিস্তানে এক তালেবান জঙ্গিকে ধরে আনার সময় নেটো ও আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার তালেবান জঙ্গি নিহত হয়েছেন।
একটি মসজিদের ধ্বংসস্তুপ থেকে নিহতদের লাশ খোঁজার সময় বিস্ফোরণে আরো সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রোববার ভোরে আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশের সায়েদাবাদ জেলায় এ ঘটনা ঘটেছে বলে আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ডন ডটকম।
ওয়াদাক প্রদেশের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ জানিয়েছেন, একটি গ্রামে লুকিয়ে থাকা এক তালেবান জঙ্গিকে আটক করতে ওই অভিযানটি চালিয়েছিল সম্মিলিত বাহিনী।
ওই জঙ্গিকে আটক করে নিয়ে আসার সময় সম্মিলিত বাহিনীর ওপর হামলা চালায় তালেবান জঙ্গিরা। এরপর থেকে পরবর্তী দুই ঘন্টা টানা জঙ্গিদের সঙ্গে সম্মিলিত বাহিনীর বন্দুকযুদ্ধ চলে।
এ সময় অন্তত বড় একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন শহীদ।
ভোর সাড়ে চারটায় লড়াই শেষ হওয়া পর্যন্ত চার জঙ্গির মৃত্যু হয় বলে জানান তিনি।
সকাল ৬টার দিকে লোকজন বের হয়ে আংশিক বিধ্বস্ত স্থানীয় মসজিদের পাশে জড়ো হয়। লাশের সন্ধানে ধ্বংসাবশেষ খোঁড়াখুড়ির সময় হঠাৎ কিছু একটার বিস্ফোরণ ঘটে।
এতে ঘটনাস্থলেই সাত বেসামরিক গ্রামবাসী নিহত হয় বলে জানান তিনি।
জঙ্গিরা বিস্ফোরকে ঠাসা আত্মঘাতী পোষাক পরেছিল বলে জানিয়েছেন তিনি। তবে এসব পোষাকের কারণেই বিস্ফোরণটি ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নোটো বাহিনীর এক মুখপাত্র চার জঙ্গি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
অভিযানে কোনো আকাশ হামলা চালানো হয়নি বলে জানান তিনি। অভিযানকালে আবিষ্কৃত একটি অস্ত্রভাণ্ডার গুড়িয়ে দেওয়ার সময় ভারী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
