২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাঁড়িয়ে কাজ করুন, সুস্থ থাকুন’

কর্মক্ষেত্রে যারা সারাদিন চেয়ারে বসে কাজ করেন তাদের মাঝে মাঝে সেখান থেকে ওঠা উচিৎ। এতে করে তাদের শারীরিক ব্যায়াম হয় এবং সুস্থতার জন্য সেটি প্রয়োজন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 08:56 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শারীরিক কৎরত বিষয়ক বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

দিনে তিন ঘণ্টা দাঁড়িয়ে কাজ করলে শরীর থেকে বছরে ৩ দশমিক ৬ কেজি মেদ কমে যায় বলে ইউনিভার্সিটি অব চেস্টারের জন বুকলে অভিমত ব্যক্ত করেছেন।

নিজের বক্তব্যের স্বপক্ষে উদাহরণ হিসেবে বুকলে দাঁড়িয়ে কাজ করার উপযোগী একটি ডেস্ক ব্যবহার করেন।

তিনি বলেন, “খুব বেশি সময় বসে থাকার কোনো প্রয়োজন নেই।”

তিনি আরো বলেন, যে কেউই দাঁড়িয়ে কাজের উপযোগী করে তার কম্পিউটারের ডেস্কটিকে তৈরী করিয়ে নিতে পারেন। ওই অবস্থাতেই ইমেইল আদান-প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো সারতে পারেন।

পুরনো ডেস্কটিকেও দাঁড়িয়ে কাজের উপযোগী করে নিতে পারেন, বলেন তিনি।

এক্ষেত্রে তিনি নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের উদাহরণ টানেন। তার অতুলনীয় গদ্যগুলো তিনি দাঁড়িয়েই লিখেছেনে বলে উল্লেখ করেন ডা. বুকলে।

১৯৫০ সালে হেমিংওয়ে একটি চিঠিতে লিখেন, “মন না চাইলেও লেখালেখি এবং ভ্রমণ তোমার পশ্চাৎদেশকে স্থূল করে তুলতে পারে আর এ কারণে আমি দাঁড়িয়েই লিখতে পছন্দ করি।”

হেমিংওয়ে ছাড়াও ভ্লাদিমির নভোকভও দাঁড়িয়ে লিখতেই বেশি পছন্দ করতেন।

ক্লিনিক্যাল সায়েন্স ও নিউট্রিশন বিশেষজ্ঞ ডা. বুকলে জানান, চেয়ার ছেড়ে উঠে যাওয়া এবং দাঁড়িয়ে কাজ করার ফলে স্থূলতা কমে এবং রক্ত সঞ্চালনের ক্ষেত্রে উন্নতি হয়।

মানুষ অফিসে বসে কাজ করে, গাড়িতে বসে থাকে এমন কি বাড়িতে বসেই টেলিভিশন দেখে। ফলে তার বিপাক প্রক্রিয়া একটি নিম্নতর স্তরে নেমে আসে।

‘এটি স্বাভাবিক নয়। মানব শরীর দাঁড়ানো এবং চলাচলের উপযোগী করেই গঠিত হয়েছে।’

তিনি দাবি করেন, কর্মক্ষেত্রে সবসময় হাঁটাচলার মধ্যে থাকলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যায়।

শুধু একটু অভ্যাস পরিবর্তন, ডেস্কের সামনে দাঁড়িয়ে কাজ করলেই সেটি আপনার স্বাস্থ্যের সুস্থতার ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, বলেন তিনি।