২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাশ্মিরের সংঘর্ষ কুৎসিত রূপ নিতে পারে’

ভারত পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে আর কাশ্মিরে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে চলমান সংঘর্ষ ‘কুৎসিত’ রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি জঙ্গিনেতা হাফিজ সাঈদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 06:47 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

তিনি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা ও ২০০৮ সালের মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত।

শুক্রবার এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের ঠিক আগে সাঈদ ভারতের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দিতে কাশ্মির সফর করেছেন।

সাক্ষাৎকারে ভারতীয় কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করে উল্টো পাকিস্তানের সঙ্গে শান্তি প্রচেষ্টায় বিঘ্ন ঘটানোর চেষ্টার জন্য ভারতকে দায়ী করেছেন সাঈদ। কাশ্মির ইস্যু নিয়ে ভারত নতুন করে ঝামেলা বাধানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “এটি তাদের সবসময়ের আচরণ, বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ও পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করা, এটিই তারা এখন করছে।”    

এর জবাবে তারা পাল্টা শক্তি ব্যবহার করতে বা কোনো সামরিক অভিযান চালাতে চান না বলে জানান সাঈদ । কিন্তু ভারতীয়রা সবচেয়ে খারাপ বিকল্পটি অনুসরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

মুম্বাই হামলার জন্য সাঈদের প্রতিষ্ঠিত লস্কর ই তৈয়বা জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে ভারত। পাকিস্তান থেকে আসা বন্দুকধারীদের তিনদিনের টানা হামলায় মুম্বাইয়ে ১৬৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিল।

তবে কোনো বেআইনি কাজ ও জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন সাঈদ।

পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতীয় বাহিনী “বিনা উস্কানিতে” গুলি চালিয়ে এক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।

এক সপ্তাহের মধ্যে কাশ্মির সীমান্তে এটি তৃতীয় প্রাণসংহারী হামলা।